প্রথম প্রান্তিকে বৈদেশিক অর্থছাড় বেড়েছে
চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দাতারা প্রকল্প সহায়তা হিসেবে বাংলাদেশের অনুকূলে ৫০ কোটি ২২ লাখ ডলার ছাড় করেছে।
প্রথম প্রান্তিকের এ অর্থছাড় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ কোটি ২০ লাখ ডলার বেশি বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গত অর্থবছরের প্রথম প্রান্তিকে দাতাদের কাছ থেকে ৪৭ কোটি ডলার ছাড় হয়েছিল।
চলতি অর্থবছর দাতাদের কাছ থেকে সরকারের ৪৩৬ কোটি ডলার ছাড়ের লক্ষ্যমাত্রা রয়েছে।
ইআরডি‘র সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি অর্থ ১৯ কোটি ২০ লাখ ডলার ছাড় করেছে বিশ্ব ব্যাংক।
দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৬২ লাখ ডলার ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ছাড় করেছে ৪ কোটি ২৫ লাখ ডলার, জাপান ৪ কোটি ১৬ লাখ ডলার এবং রাশিয়া ২ কোটি ২৭ লাখ ডলার ছাড় করেছে।
এদিকে প্রথম প্রান্তিকে অর্থছাড় বাড়লেও দাতাদের কাছ থেকে নতুন করে প্রতিশ্রুতি আদায়ে পিছিয়ে রয়েছে সরকার।
গত অর্থবছরের প্রথম প্রান্তিকে যেখানে ৪৩ কোটি ৮৪ লাখ ডলারের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল, সেখানে এবার তিন মাসে পাওয়া গেছে মাত্র ৫ কোটি ২৮ লাখ ডলারের প্রতিশ্রুতি।
সে হিসাবে চলতি অর্থবছরে গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রতিশ্রুতি পাওয়ার ক্ষেত্রে প্রায় ৩৮ কোটি ৫৬ লাখ ডলার পিছিয়ে রয়েছে।
চলতি অর্থবছরে সরকার দাতাদের কাছ থেকে ৬০০ কোটি ডলার প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে।
এ বিষয়ে ইআরডির অতিরিক্ত সচিব ফরিদা নাসরিন বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “দাতাদের কাছ থেকে কোনো সময় বেঁধে প্রতিশ্রুতি নেওয়া সম্ভব নয়। তাই মাসিক ভিত্তিতে বা প্রান্তিক ভিত্তিতে প্রতিশ্রুতির হিসাব আগানো বা পেছানো থাকতে পারে। তবে বছর শেষে সরকারের বেঁধে দেওয়া লক্ষ্য পূরণ করতে পারব বলে আমারা আশাবাদী।”
এদিকে এই সময়ের মধ্যে বাংলাদেশ দাতাদের কাছে তাদের পুঞ্জীভূত পাওনা থেকে প্রায় ২৩ কোটি ৭৭ লাখ ডলার পরিশোধ করেছে। এর মধ্যে ১৮ কোটি ২০ লাখ ডলার আসল হিসেবে, আর ৫ কোটি ৫৭ লাখ ডলার পরিশোধ করেছে সুদ হিসেবে।
এবার প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় ১১ কোটি ৬৮ লাখ ডলার কম পরিশোধ করতে হয়েছে। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে ৩৫ কোটি ৪৬ লাখ ডলার পরিশোধ করা হয়েছিল।
এ বিষয়ে ইআরডির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, “গত অর্থবছর অনেক ঋণের মেয়াদের শেষ বছর ছিল। আর শেষ বছরে পরিশোধ কিছুটা বাড়তি থাকে। তাই গত অর্থবছরে কিছুটা বেশি পরিশোধ করতে হয়েছিল।”
