পাথর সংকটে এডিপি বাস্তবায়নে ধীরগতি, মন্ত্রীর খেদ
চলতি অর্থবছরের শুরুতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন গত বছরের তুলনায় ধীরগতিতে হয়েছে; যার জন্য সংশ্লিষ্টরা পাথর সংকট ও বৃষ্টিকে দুষেছেন বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন।
এডিপি বাস্তবায়ন নিয়ে সচিবদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়ে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
প্রয়োজনে পাথর আমদানি করে কাজের গতি বাড়ানোর পাশাপাশি যেসব ঠিকাদার ঠিকমতো কাজ করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক হয়।
এডিপি বাস্তবায়নে জড়িত পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৭ শতাংশ, যা গত অর্থবছরের তুলনায় ২ শতাংশ কম।
পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমি বলেছি, ঠিকাদাররা কাজ নেওয়ার আগেই প্রকল্পের জন্য কী কী লাগবে তা জেনেই তারা কাজ নেন। এখন পাথর পাওয়া যাচ্ছে না বললে এটা হবে না।
“আমি তাদের উদ্দেশ্য করে বলেছি, পাথর নাই বলে তো কাজ বন্ধ থাকবে না। আপনারা (ঠিকাদার) পাথর কোথা থেকে আনবেন কাজ নেওয়ার আগে তো এ চুক্তি হয়নি। এরপরও পাথর পাওয়া না গেলে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলেন, আমদানি করার চেষ্টা করেন। পৃথিবীর কোথাও না কোথাও তো পাথর আছে।”
পদ্মা সেতুর কাজ ঠিকমতো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
কাজে অবহেলার জন্য ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, “যেসব ঠিকাদার ঠিকমতো কাজ করছে না তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। কাজ নেওয়ার আগে সময়মত কাজ শেষ করবে বলে কথা দেয়, কিন্তু কাজ শুরু করে তা সময়মত করতে পারে না। এটা তো মেনে নেওয়া যায় না।”
