২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইডিবির কাছে ১৮০ কোটি ডলার চাইবে সরকার

বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটনসহ বিভিন্ন খাতের ২৪টি প্রকল্পের জন্য  ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) কাছে ১৮০ কোটি ডলার ঋণ চাইবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 11:30 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিন বছরে প্রকল্পগুলোতে ঋণ সহায়তা চাওয়ার বিষয়ে একটি প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা জানিয়েছেন।

আইডিবির কান্ট্রি প্রোগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ জামাল আল সাতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে ১৮ অক্টোবর বাংলাদেশে আসছেন। তাদের কাছে এ প্রস্তাব দেওয়া হবে বলে ইআরডির ওই কর্মকর্তা জানান।

এ বিষয়ে জানতে চাইলে ইআরডির উপসচিব মাহবুবুর রহমান (মধ্যপ্রাচ্য ডেস্ক) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইডিবির প্রতিনিধি দলের কাছে উপস্থাপনের জন্য একটি ঋণ প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবার আমরা আইডিবির কাছে ১৮০ কোটি ডলারের ঋণ প্রস্তাব করব।”

দুইপক্ষের মধ্যে আলোচনায় ঋণ সহায়তা কমবেশি হতে পারে বলে জানান তিনি।

এর আগে ২০১৩ সালে বিভিন্ন প্রকল্পে সহায়তায় প্রথম চুক্তি হয়, যার মেয়াদ ২০১৬ সালে শেষ হবে। সেবার সংস্থাটি চার বছরে বাংলাদেশকে ২২টি প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ সহায়তার প্রতিশ্রিুতি দিয়েছিল।

ওই প্রকল্পগুলোর মধ্যে এ পর্যন্ত পাঁচটি প্রকল্পে অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে আইডিবি।

এগুলোর মধ্যে সিলেট রুরাল এক্সেস সড়ক নির্মাণ, পৌরসভার পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প ছাড়াও আশুগঞ্জে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, টেকনিক্যাল টিচার ট্রেইনিং ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প রয়েছে।