আয়কর মেলা শুরু, উপচে পড়া ভিড়
রাজধানী ঢাকাসহ সারাদেশে শুরু হয়েছে আয়কর মেলা। এবারই প্রথমবারের মতো উপজেলা পর্যায়েও এ মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার সকালে বেইলি রোডের অফিসার্স ক্লাবে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এ সময় আয়োজক সংস্থা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান ও এনবিআর সদস্য (প্রশাসন) আব্দুর রাজ্জাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারের আয়কর মেলা সাতটি বিভাগীয় শহর, ৬৪টি জেলা শহর ও ৮৬টি উপজেলায় আয়োজন করা হয়েছে।
ঢাকা ও বিভাগীয় শহরে এই মেলা চলবে সাত দিন অর্থ্যাৎ ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর জেলা শহরে চারদিন এবং উপজেলাগুলোতে ভ্রাম্যমাণ মেলা হবে।
এর মধ্যে ২৯টি উপজেলায় দুই দিন আর ৫৭টি উপজেলায় একদিন চলবে মেলা।
এনবিআর জানিয়েছে, এই মেলা থেকে আয়কর দাতাদের রিটার্ন দাখিল, নতুন ই-টিআইএন নেওয়া, পুরনো করদাতাদের নতুন করে ই-টিআইএন করে দেওয়াসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, “১৯৭২ সালেই বঙ্গবন্ধু বলেছিলেন উন্নয়নের নামে দেশকে বন্ধক দেব না। এখন আমরা নিম্ন মধ্যম আয়ের দেশের কাতারে এসেছি। সবাই সঠিকভাবে আয়কর দিলে সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিনত হওয়া সম্ভব হবে। আমরা আমাদের উন্নয়ন করতে পারব।”
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান করদাতাদের মেলায় এসে সেবা গ্রহণের আহ্বান জানান।
২০১০ সাল থেকে আয়কর মেলার আয়োজন করে আসছে এনবিআর। করদাতাদের কর দেওয়ায় উৎসাহিত করা ও আধুনিক কর ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে সহযোগিতা করতে এ মেলার আয়োজন করা হয়ে থাকে।
গত বছরের মেলা থেকে ১ হাজার ৬৭৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। আয়কর বিবরণী দাখিল করেছিলেন ১ লাখ ৪৯ হাজার ৩০৯ জন।
গত মেলায় নতুন ই-টিআইএন ইস্যু হয়েছিলো ২৬ হাজার ৭৪৫টি। বিভিন্ন সেবা গ্রহণ করেছিলেন মেলা থেকে ৬ লাখ ৪৯ হাজার ১৮৫ জন।
এই মেলায় করদাতারা ২০১৫-১৬ করবর্ষের কর দিতে পারবেন।
চলতি অর্থবছরে সরকার এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে। এরমধ্যে আয়কর থেকে আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৬৪ হাজার ৯৭১ কোটি টাকা।
অফিসার্স ক্লাবে আয়কর মেলা
বুধবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে আয়কর মেলার প্রধান আয়োজন শুরু হয়েছে রাজধানীর অফিসার্স ক্লাবে। ক্লাবের প্রধান ভবন ও সামনের খোলা জায়গায় তাবু টানিয়ে বিভিন্ন সেবার জন্য বসানো হয়েছে ১৭২টি বুথ।
সেখানে আয়কর বিষয়ক পরামর্শ ও সহযোগিতা দেওয়ার পাশাপাশি বুথ রয়েছে অভ্যর্থনা, মেডিকেল সেবা, ব্যাংকের।
বুধবার প্রথমদিনে করদাতাদের ব্যাপক ভিড় দেখা গেছে। প্রতিটি বুথেই করদাতারাদের সামলাতে হিমশিম খেতে হয়েছে কর্মকর্তাদের।
“অথচ এর আগে যখন সার্কেল অফিসে গিয়ে রিটার্ন দাখিল করতে হতো তখন অনেক জটিলতায় পড়তে হয়েছে। রিটার্ন দাখিল করে এসছি, আবার অডিট দিয়ে দিত, এখন তা হয় না। এছাড়া আইনজীবীর জন্য যে খরচ সেটা বাঁচে, আবার জটিলতাও নেই।”
একই ধরনের মত দেন প্রশান্ত কার্তনীয়া। তিনিও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখানে কর কর্মকর্তাদের কাছে আইনজীবীদের চেয়ে ভালো সেবা পাই বলেই মেলায় এসে রিটার্ন দাখিল করি।”
একই প্রতিষ্ঠানের আরেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইলা হোসেন বলেন, “আমি গত বছর থেকে মেলায় রিটার্ন দাখিল করছি। এখানে যে সেবা পাওয়া যায় সার্কেল অফিসে তার উল্টো পরিস্থিতি।
“আমার অনুরোধ থাকবে সার্কেল অফিসের সেবার মানও যেন এই পর্যায়ে নেওয়া হয়।”
অফিসার্স ক্লাব থেকে সরছে মেলা
গত কয়েক বছর ধরেই রাজধানীর অফিসার্স ক্লাবে মেলার প্রধান আয়োজন চললেও আগামী বছরের কর মেলা শেরে বাংলা নগরে নির্মাণাধীন রাজস্ব ভবনে করার পরিকল্পনা নিয়েছে এনবিআর।
এনবিআরের সদস্য (প্রশাসন) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে জায়গার স্বল্পতা আছে, এটা নিয়ে করদাতাসহ বিভিন্ন পর্যায় থেকে আমরা অন্য কোথাও মেলার করার পরামর্শ পেয়েছি। আশা করছি আগামী বছর থেকে শেরে বাংলা নগরে জাতীয় রাজস্ব ভবনের নিচ তলায় মেলার আয়োজন করা যাবে।”
