Published : 19 Aug 2026, 09:58 PM
দেশে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল প্রদানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ।
বাংলাদেশ ব্যাংক ভবনে বুধবার এ চুক্তি সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছে সংস্থাটি।
এর আগে গত ২৩ মে দেশে কর্মসংস্থান বেগবান করার লক্ষ্যে পিকেএসএফের মাধ্যমে বিশেষায়িত কার্যক্রম বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার এ বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করে। এই তহবিল ব্যবহার করে দেশব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন করেছে পিকেএসএফ।
কর্মসূচির মূল উদ্দেশ্য, ক্ষুদ্র উদ্যোগগুলোতে বর্ধিত অর্থায়ন নিশ্চিতকরণের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে এ খাতে কর্মংস্থান সৃষ্টি করা। এ লক্ষ্যে কর্মসূচি মূলত তিনটি মূল উপাদানের সমন্বয়ে বাস্তবায়িত হবে। এই তিন উপাদান হল- আর্থিক পরিষেবা প্রদান, গুচ্ছ ব্যবসাভিত্তিক ভ্যালু চেইন উন্নয়ন এবং উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষুদ্র উদ্যোগ খাতে ২ লাখ কর্মসংস্থান সৃষ্টির জন্য পিকেএসএফ দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা সম্ভাবনাময় ব্যবসাগুচ্ছের বিকাশে কাজ করবে। মাঠপর্যায়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও প্রাপ্ত অর্থের সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে প্রণোদনা তহবিলটি আবর্তক তহবিল হিসেবে পরিচালিত হবে।
এর ফলে অর্থের ধারাবাহিক প্রবাহ বজায় থাকবে, যা দেশের ক্ষুদ্র উদ্যোগ খাতকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের অন্যতম চালিকাশক্তিতে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে পিকেএসএফ।
চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহাম্মদ, আনিছুর রহমান, এসএমই এন্ড এসপিডির পরিচালক নওশাদ মোস্তাফা এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের, উপ-ব্যবস্থাপনা পরিচালক আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সিনিয়র মহাব্যবস্থাপক এ কে এম নুরুজ্জামান উপস্থিত ছিলেন।