হিসাব ব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তা দেখছেন অর্থমন্ত্রী
সিএজি কার্যালয়ের সার্বিক সক্ষমতা বাড়াতে অর্থ মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে, বলেন তিনি।
আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ও উন্নয়ন সহযোগীদের চাহিদা পূরণে হিসাব ব্যবস্থার সংস্কার প্রয়োজন বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
শনিবার বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে রবি থেকে মঙ্গলবার তিন দিনের বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা করছে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠান।
অর্থমন্ত্রী বলেন, এরইমধ্যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সহযোগিতায় হিসাবের আধুনিক কাঠামো প্রণয়ন করা হয়েছে। হালনাগাদ আর্থিক ও উপযোগী হিসাব প্রণয়নের মাধ্যমে আর্থিক খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে।
সিএজি পদ তৈরির প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য সংবিধানের অষ্টম ভাগে সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান করে সিএজি পদ সৃষ্টি করা হয়। সিএজি ও তার কার্যালয় সরকারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সরকার অর্থ ব্যয় ব্যবস্থাপনায় এ বিভাগের ভূমিকা অনস্বীকার্য।
মাহমুদ আলী বলেন, নিয়ত পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং তথ্যপ্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মানের অডিট সম্পাদনের লক্ষ্যে প্রচলিত কমপ্লায়েন্স ও ফিনান্সিয়াল অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট, আইটি অডিট এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিবেদনকে অগ্রাধিকার দিতে হবে।
সামগ্রিকভাবে অডিট কার্যক্রমকে আরও ফলপ্রসু করে সরকারের আর্থিক সম্পদের দক্ষ ও ফলপ্রসু ব্যবহার সুনিশ্চিত করতে হবে মন্তব্য করে তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গতি রেখে মানসম্পন্ন অডিট প্রতিবেদন প্রণয়ন এবং যথাসময়ে নিরীক্ষা সম্পন্ন করতে সিএজি কার্যালয়ের সার্বিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
বর্তমান গণতান্ত্রিক সরকার সুশাসন নিশ্চিত করতে একটি শক্তিশালী ও সুসংহত সিএজি কার্যালয় দেখতে চায় বলেও তার বক্তব্যে তুলে ধরেন তিনি।
তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের প্রতি প্রধানমন্ত্রীর সুদৃঢ় অঙ্গীকারের বহিপ্রকাশ হিসেবে বিরোধীদল থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি মনোনয়ন দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের সরকারি হিসাব সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, তাদের কমিটির এখতিয়ার ও দায়িত্ব রয়েছে সিএজি প্রতিবেদনের ওপর আলোচনা করে নির্বাহী বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা বা অনুশাসন প্রদান করা।
তিনি জানান, একাদশ সংসদের সরকারি হিসাব কমিটিতে ৩ হাজার ৯৮৯ কোটি টাকার অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়েছে। এসব আপত্তি থেকে আদায় করা হয়েছে ৩ হাজার কোটি টাকার বেশি।
অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, অটোমেশন করার কারণে এখন পেনশন গ্রহকারীরা ঘরে বসেই টাকা পাচ্ছেন। বিভিন্ন খরচের ক্ষেত্রে মিতব্যয়ী হতে সিএজির ভূমিকা রয়েছে।
সিএজি নূরুল ইসলাম বলেন, এখন কোনো পেনশন পেতে ব্যাংকে যেতে হয় না। ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। ওয়ান স্টপ সার্ভিস এবং দক্ষ বাজেট ব্যবস্থাপনা চাল করা হয়েছে।
আলোচনা সভায় জানানো হয়, সিএজি এখন পর্যন্ত মোট ১২৮৯টি নিরীক্ষা প্রতিবেদন সংসদে উপস্থাপন করেছে। ২০২৩-২৪ অর্থবছরে ১ মে পর্যন্ত ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে পেনশন ই-সেবা গ্রহণ করেছেন ২ লাখ ৫০ হাজার ৪৬৫ জন। জিপিএফ ই-সেবা গ্রহণ করেছেন ২০ লাখ ৪৮ হাজার ৫১২ জন। আর অভিযোগ জমা পড়েছে ৪ হাজার ৯১টি।
