১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে সহযোগিতার পরিকল্পনা ‘সংশোধন’ করছে জাপান

“বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকবে জাপান,” বলেন রাষ্ট্রদূত কিমিনোরি।

বাংলাদেশকে সহযোগিতার পরিকল্পনা ‘সংশোধন’ করছে জাপান
পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের সঙ্গে তার দপ্তরে বুধবার সৌজন্য সাক্ষাত করেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2024, 06:33 PM

Updated : 26 Aug 2026, 09:58 AM

বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও চাহিদা বিবেচনায় রেখে জাপান তাদের সহযোগিতা পরিকল্পনা ‘সংশোধন করছে’ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

বুধবার সকালে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের সঙ্গে তার দপ্তরে সাক্ষাতে গিয়ে কিমিনোরি একথা জানান।

তিনি বলেন, “জাপান কান্ট্রি অ্যাসিস্ট্যান্স প্ল্যান রিভাইজ করছে। এক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা, বাংলাদেশের চাহিদা বিবেচনায় রেখে কাজ করা হচ্ছে।”

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পাশে থাকবে তার দেশ। এ ছাড়া এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং সক্ষমতা বৃদ্ধিতে জাপান সহায়তা করবে।

সাক্ষাতে জাপানের সহায়তায় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত চলমান ৪০টি প্রকল্প নিয়ে আলোচনা করেন পরিকল্পনামন্ত্রী।

এ ছাড়া ডেল্টা পরিকল্পনা-২১০০ বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধি, মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা প্রক্রিয়া শক্তিশালীকরণ (এসপিআইএমএস) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে জাপানের সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, “জাপান বরাবরই আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও তাদের এই সহযোগিতা সমুন্নত রাখার বিষয়ে আলোচনা করা হয়েছে।”