১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও ১৬ দিন

প্রত্যাশা অনুযায়ী আয়কর রিটার্ন জমা না পড়ায় তৃতীয় দফা সময় বাড়াল এনবিআর।

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও ১৬ দিন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 02:44 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

জুলাই-অগাস্টের আন্দোলন ও সংঘাতের ধাক্কায় সরকারের প্রত্যাশা অনুযায়ী আয়কর রিটার্ন জমা না পড়ায় ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় আরও ১৬ দিন বাড়ানো হল।

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর জানিয়েছে, ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। এই সময় ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। 

অর্থ উপদেষ্টার কাছ থেকে অনুমোদন পাওয়ার পর বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ জারি করেছে এনবিআর। এর আগে সরকার দুই দফায় দুই মাস রিটার্ন জমার সময় বাড়িয়েছিল।

আরেক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ১৬ মার্চ করা হয়েছে।

আয়কর আইন অনুযায়ী, ব্যক্তি শ্রেণির করদাতার রিটার্ন জমা শেষ সময় ৩০ নভেম্বর। বোর্ড চাইলে এরপর একক সিদ্ধান্তেই আরও এক মাস সময় বাড়াতে পারে।

তবে মহামারীসহ নানা সংকটকালীন সময়ে সরকার চাইলে সময় বাড়াতে পারে। সেক্ষেত্রে সরকারের অনুমোদনের মাধ্যমে এনবিআর আদেশ জারি করতে পারে।

এ বছর জুলাই-অগাস্টের আন্দোলন বিবেচনায় তিন দফা মেয়াদ বৃদ্ধি করা হল।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২৩ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৩ লাখ ৯৮ হাজার ৯৩৭টি; এর মধ্যে অনলাইনে জমা পড়েছে ১১ লাখ ৬৯ হাজার ৭৫২টি। এর মাধ্যমে ৫ হাজার ৯ কোটি টাকার কর আদায় হয়েছে।

গত করবর্ষে আয়কর রিটার্ন জমা পড়েছিল ৪৩ লাখের বেশি।

এ বছর ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারাদেশের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী, সারাদেশের সব মোবাইল টেলিকম সেবা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলে বাধ্যতামূলক করেছে এনবিআর।

বিধান অনুযায়ী, বছরে আয় সাড়ে তিন লাখ টাকার বেশি হলে আয়কর প্রযোজ্য হয়। ব্যাংক হিসাব খোলা, ক্রেডিট কার্ড ব্যবহারসহ বেশ কিছু কাজে এখন রিটার্ন জমা বাধ্যতামূলক।

রিটার্ন জমা দিলে ব্যাংকে সঞ্চয়ে সুদ বা মুনাফা এবং পুঁজিবাজারে লভ্যাংশের ওপর ১৫ শতাংশের বদলে ১০ শতাংশ আয়কর দেওয়া যায়।