প্রবৃদ্ধি ৪.৮ শতাংশের আভাস দিল বিশ্ব ব্যাংক
আগামী ২০২৬-২৭ অর্থবছরে তা ৬ দশমিক ৩ শতাংশে পৌঁছাতে পারে, বলেছে সংস্থাটি।
বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৪ দশমিক ৮ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
সম্ভাব্য এই প্রবৃদ্ধির হার সংস্থাটির আগের বছরের পূর্বাভাসের চেয়ে বেশি।
সংস্থাটি বলছে, ২০২৪-২৫ অর্থবছরের শেষভাগ থেকে রপ্তানিতে ইতিবাচক ধারা, রেমিটেন্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধি, আর্থিক হিসাব ইতিবাচক ও বিনিময় হার স্থিতিশীল থাকায় এ প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।
গত সপ্তাহে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) পূর্বাভাস দিয়েছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৫ শতাংশ হতে পারে।
মঙ্গলবার ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে তার চেয়ে কম জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিল বিশ্ব ব্যাংক।
সংস্থাটি বলেছে, করোনা মহামারীর আগের দশক জুড়ে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয় গড়ে ৬ দশমিক ৬ শতাংশ। মহামারীর পরেও এ ধারাবাহিকতা বজায় থাকার কারণ ছিল প্রণোদনা প্যাকেজ ও সম্প্রসারণমূলক মুদ্রানীতির পদক্ষেপ।
এর মধ্যে ২০২২-২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হোঁচট খায় বৈদেশিক দায় পরিশোধের সক্ষমতা কমে যাওয়া ও মূল্যস্ফীতি ধারবাহিকভাবে বেড়ে যাওয়ার কারণে। সে অর্থবছরে প্রবৃদ্ধি হয় ৫ দশমিক ৮ শতাংশ, যা আগের ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।
সেই তথ্য তুলে ধরে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছর থেকে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ, বিনিময় হার বাজারমূখী করা, ব্যাংক ঋণের সুদহারের সীমা তুলে দেওয়া ও নীতি সুদহার বাড়ানোর কারণে সার্বিক ঋণ সুদহার বেড়েছে।
এর ফলে বেসরকারি খাতে বিনিয়োগের গতি কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে বিশ্ব ব্যাংক পার্যবেক্ষণ দিয়েছে, ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধিও কমেছে। এ কারণে চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে। আগামী ২০২৬-২৭ অর্থবছরে তা ৬ দশমিক ৩ শতাংশে পৌঁছাতে পারে।
গত অর্থবছরের শুরুতে সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলনে সহিংসতা, জ্বালাও-পোড়াও, অবরোধসহ বিভিন্ন কারণে আগে থেকে সংকটে থাকা অর্থনীতি শ্লথ হয়ে পড়ে।
অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পরেও অস্থিরতা ধাক্কায় অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারেনি।
গত বছরের অক্টোবরে বিশ্ব ব্যাংক বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশ আভাস দিলেও চলতি বছরের এপ্রিলে তা কমিয়ে ৩.৩ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল।
মূল্যস্ফীতি, বিদেশি ঋণের কঠোর শর্ত আর রাজস্ব ঘাটতির বাস্তবতায় সামষ্টিক অর্থনীতি যখন চাপের মুখে জুনে অন্তর্বর্তী সরকার ৫ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরে বাজেট পরিকল্পনা সাজিয়েছে।
আগের অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি সাময়িক হিসাবে ৩.৯৭ শতাংশ হয়েছে, যা চূড়ান্ত হিসাবে কিছুটা বাড়তে পারে বাজেট বক্তৃতায় তুলে ধরেছিলেন অর্থ উপদেষ্টা।
বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে কর্মসংস্থান সৃষ্টির জন্য সার্বিক সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে বলে সুপারিশ করা হয়েছে।
এতে বলা হয়, মধ্য মেয়াদে প্রবৃদ্ধির একটি ঊর্ধ্বমুখী ধারা বজায় রাখতে সক্ষম হবে বাংলাদেশ। তবে টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষত যুবক ও নারীদের জন্য জরুরি সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কঠোর মুদ্রানীতি, খাদ্যপণ্যের ভোগ কমে যাওয়া এবং ভালো ফলনের কারণে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে এসেছে মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছর শেষে তা ৮ দশমিক ৬ শতাংশ হতে পারে। মুদ্রানীতির বাস্তবায়ন ও সরকারের রাজস্বনীতির সমন্বয়ের ওপর আগামীতে মূল্যস্ফীতি কত হতে পারে, তা নির্ভর করছে।
চলতি অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করেছে সরকার।
মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য ধরে নতুন অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য আগের মতই আঁটসাঁট মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষণ বলছে, কম রাজস্ব আদায়, বেশি ভর্তুকি এবং ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে যাওয়ায় বাজেট ঘাটতি বেড়ে যাচ্ছে।
বাংলাদেশের দারিদ্র্যের হার বিষয়ে সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে দারিদ্র্য বেড়েছে। মোট শ্রমশক্তির অংশগ্রহণ কমে ৬০ দশমিক ৯ শতাংশ থেকে ৫৮ দশমিক ৯ শতাংশে নেমেছে, যেখানে নারীরা বেশি প্রভাবিত হয়েছেন। শ্রমবাজারের বাইরে থাকা ৩০ লাখ অতিরিক্ত কর্মক্ষম মানুষের মধ্যে ২৪ লাখ নারী।
বাংলাদেশ এলডিসি উত্তোরণের পর্যায়ে রয়েছে তুলে ধরে বলা হয়েছে, বাংলাদেশের ট্যারিফ কমিশন আমদানি পর্যায়ে শুল্ক কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ২০২৩ সাল থেকে। যদিও এখনো শুল্ক ও অশুল্ক হার অনেক বেশি।
বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ উপলক্ষে এদিন বিশ্বব্যাংকের ঢাকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেম বলেন, “অর্থনীতি দৃঢ়তা দেখিয়েছে, কিন্তু এটিকে স্বাভাবিক ধরে নেওয়া যায় না।”
তিনি বলেন, “শক্তিশালী প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে এবং আরও ভালো ও বেশি কর্মসংস্থান নিশ্চিত করতে বাংলাদেশকে সাহসী সংস্কার ও দ্রুত বাস্তবায়নের পথে এগোতে হবে। এর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানো, ব্যাংক খাতের দুর্বলতা দূর করা, জ্বালানি ভর্তুকি কমানো, নগরায়ণের পরিকল্পনা করা এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করা।”
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে শিল্পখাতের চাকরি ঢাকা ও চট্টগ্রামে কেন্দ্রীভূত হয়ে পড়েছে, যা আঞ্চলিকভাবে সমউন্নয়নের প্রয়োজনীয়তার দিকটি দেখিয়ে দেয়। দেশব্যাপী সার্বজনীন কর্মসংস্থান তৈরি নিশ্চিত করতে স্থানীয় উন্নয়ন কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।
বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বলেন, “দক্ষিণ এশিয়ায় ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। তবে প্রবৃদ্ধির ঝুঁকিগুলো মোকাবিলায় দেশগুলোকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।”
তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা সর্বাধিকভাবে কাজে লাগানো এবং বিশেষ করে মধ্যবর্তী পণ্যের জন্য বাণিজ্য বাধা কমানোর মাধ্যমে দেশগুলো উৎপাদনশীলতা বাড়াতে পারবে। পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগ উৎসাহিত করতে এবং অঞ্চলের ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য নতুন চাকরি সৃষ্টি করতে পারবে।”
