Published : 03 Mar 2026, 08:17 PM
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেওয়া ঋণের পঞ্চদশ কিস্তির ২০৩ কোটি টাকা চলতি মার্চ মাসে পরিশোধ করার জন্য প্রস্তুতি নিয়েছে সেতু কর্তৃপক্ষ।
পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। নির্মাণ ব্যয়ের অর্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ।
অর্থ বিভাগের সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঋণ চুক্তি অনুযায়ী, এক শতাংশ সুদসহ ৩৫ বছরে ঋণের টাকা ফেরত দিতে হবে। সে অনুযায়ী, প্রতি অর্থবছরে চার কিস্তি করে মোট ১৪০ কিস্তিতে সুদ-আসল পরিশোধ করতে হবে।
২০২৪ সালের ২৭ জুন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এক অনুষ্ঠানে ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ ৩১৪ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯৬৩ টাকা পরিশোধের চালান অর্থ বিভাগের কাছে হস্তান্তর করে সেতু কর্তৃপক্ষ।
২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পদ্মা সেতুর ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করা হলেও কোনো আনুষ্ঠানিকতা ছিল না।
সম্প্রতি পদ্মা সেতু থেকে গত দেড় বছর ধরে আয়ের টাকা পরিশোধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠে। কেউ কেউ বলতে শুরু করেন, গত দেড় বছরে কোনো কিস্তির পরিশোধ করা হয়নি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সেতু বিভাগের বর্তমান সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবগুলো কিস্তি সময় মত নিয়ম মেনেই পরিশোধ করা হয়েছে।
“আমরা হালনাগাদ আছি, পঞ্চদশ কিস্তি দেব, আমরা রেডি। আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিসে গিয়ে জমা না দেওয়ার কারণে চোখে পড়েনি।আগে কিস্তি প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে সরকার প্রধানের কাছে দেওয়ায় চোখে পড়েছে।”