২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ কোটি ডলার ঋণ পেতে বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি

২ শতাংশ সুদে ৫ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।

৩০ কোটি ডলার ঋণ পেতে বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি

ইআরডি সম্মেলন কক্ষে রোববার বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ সরকারের মধ্যে ৩০০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2022, 08:30 PM

Updated : 07 Aug 2022, 08:30 PM

বাংলাদেশে কোডিড-১৯ মহামারী উত্তরণে স্বাস্থ্য পরিষেবার পরিধি সম্প্রসারণ, নগরকেন্দ্রিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো এবং অত্যাবশ্যকীয় নাগরিক সুবিধা বাড়ানোর একটি প্রকল্পে ৩০ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক।

রোববার ঢাকার আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ সরকারের মধ্যে এই ঋণ চুক্তি সই হয়েছে।

সাম্প্রতিক বিনিময় হার অনুযায়ী (১ ডলারে ৯৫ টাকা হিসাবে) বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ৮৫০ কোটি টাকা। ২ শতাংশ সুদে ৫ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।

চুক্তিতে সরকারের পক্ষে ইআরডি সচিব শরিফা খান এবং বিশ্ব ব্যাংকের পক্ষে ঢাকা কার্যালয়ের আবাসিক প্রতিনিধি মার্সি মিয়াং টেম্বন সই করেন।

ইআরডি জানায়, ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স রিকাভারি’ প্রকল্পে এই অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক।

এই প্রকল্পের মাধ্যমে কোডিড-১৯ মহামারী থেকে উত্তরণে নগরকেন্দ্রিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো হবে। এছাড়া স্বাস্থ্য পরিষেবার পরিধি সম্প্রসারণ এবং অত্যাবশ্যকীয় নাগরিক সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করা হবে। প্রকল্পের মাধ্যমে নাগরিকদের জন্য পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

টিকা বিতরণ কার্যক্রম জনগণের কাছে পৌঁছানো এবং সিটি করপোরেশন ও পৌরসভাসর নিজস্ব আয় বাড়াতে আইটিভিত্তিক রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নও এই প্রকল্পের অন্তর্ভুক্ত।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০২৫ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।