২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার চেয়ে ‘অনেক অনেক ভালো’ অবস্থায় বাংলাদেশ: চীনা রাষ্ট্রদূত

শ্রীলঙ্কার মত চীনের ‘ঋণের ফাঁদে’ বাংলাদেশের পড়ার বিষয়ে এক প্রশ্নে এমন মন্তব্য তার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 12:01 AM

Updated : 27 Oct 2022, 11:04 AM

বিদেশি ঋণের বিবেচনায় বাংলাদেশ কোনোভাবেই শ্রীলঙ্কার অবস্থানে নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেনটস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এক প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

অপরদিকে জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে এক প্রশ্নে লি জিমিং বলেন, চীন নিজেই জ্বালানি আমদানিকারক দেশ। ফলে জ্বালানি রপ্তানির সুযোগ তাদের নেই।

“তবে বাংলাদেশের জরুরি কোনো প্রয়োজন যদি পড়ে চীন অলস বসে থেকে চেয়ে চেয়ে দেখবে না। সরকারের পক্ষ থেকে জরুরি প্রয়োজন মেটানোর বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। আমি চীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সে বিষয়ে অবহিত করেছি।”

শ্রীলঙ্কার সাম্প্রতিক অর্থনৈতিক দুর্দশার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার তুলনায় অনেক অনেক ভালো। কারণ, বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ অনেক কম।

“অর্থ মন্ত্রণালয়ের হিসাবে বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ (জিডিপির) ৩৬ শতাংশ, যা উন্নত দেশসহ অন্য অনেক দেশের তুলনায়ও অনেক কম।“

এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ২৪ ট্রিলিয়ন ডলার জিডিপির বিপরীতে ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ থাকার কথা উল্লেখ করেন লি জিমিং।

শ্রীলঙ্কার মত চীনের ‘ঋণের ফাঁদে’ বাংলাদেশের পড়ার বিষয়ে ওই প্রশ্নে তিনি বলেন, “আপনি যদি শ্রীলঙ্কার পরিস্থিতি দেখেন, তাহলে দেখতে পাবেন সেখানে বিদেশি ঋণের বেশির ভাগই পশ্চিমা বাণিজ্যিক এবং বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানের ঋণ।

“মোট বৈদেশিক ঋণের ১০ শতাংশেরও কম চীনের, যা বাংলাদেশের ক্ষেত্রেও সম্ভবত একই রকমের। এখানে চীনের ঋণের পরিমাণ ৬ শতাংশ।”

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে রাষ্ট্রদূত জানান, বিশ্বের মোট ঋণের ১০ শতাংশ গেছে চীন থেকে। তাই চীন থেকে বাংলাদেশের ঋণ বৈশ্বিক গড়ের চেয়েও কম।

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক ফোরামে মিয়ানমারের পক্ষে ভোট দেওয়া এবং এক্ষেত্রে প্রত্যাবাসনের জন্য দেশটিকে চাপ দেওয়ার বিষয়ে তিনি বলেন, “এটা ঠিক যে, আমরা মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছি।

“এর কারণ, আমরা বিশ্বাস করি, আপনি যদি রোহিঙ্গা সংকট থেকে মুক্ত হতে চান, তাহলে দ্বিপক্ষীয় যোগাযোগই সম্ভবত একমাত্র পথ। তাদেরকে ফেরাতে মিয়ানমারের আন্তরিক সহযোগিতা আপনাদের প্রয়োজন। আপনি আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ প্রয়োগ করে এই সংকট সমাধান করতে পারবেন না।”

মিয়ানমারের সঙ্গে নিজেদের সীমান্তের সংকটও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, এটা এজন্য না যে, আমরা মিয়ানমারকে পছন্দ করি আর বাংলাদেশকে ঘৃণা করি। এটা কোনোভাবেই না।

ইউক্রেইন যুদ্ধের ধাক্কায় অর্থনৈতিক সংকটের মোকাবিলায় বাংলাদেশ ও চীনের মধ্যে নিজস্ব মুদ্রায় বিনিময় কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও বলেন তিনি।

আঞ্চলিক সমস্যার সমাধানে ‘এশীয় তরিকা’

রোহিঙ্গা সমস্যা সমাধানের কথা বলতে গিয়ে ‘এশীয় তরিকায়’ আলোচনার মাধ্যমে সংকট উত্তরণের উপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত জিমিং।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে, আমাদের আঞ্চলিক সমস্যার সমাধান হওয়া উচিত এশীয় বিবেচনায়- ইউরোপ বা দক্ষিণ আমেরিকায় বিরাজমান উপায়ে নয়।

“আমাদের এশীয়দের উচিত আমাদের সমস্যার সমাধানের জন্য আলোচনায় বসা। আর এটাই হচ্ছে চীনের মৌলিক চিন্তা।”

চীন শান্তিপূর্ণ আঞ্চলিক পরিবেশ চায়, মন্তব্য করে অপর এক প্রশ্নে তিনি বলেন, আমাদের প্রয়োজন শান্তিপূর্ণ আঞ্চলিক উন্নয়ন পরিবেশ চাই এবং শান্তিপূর্ণ বৈশ্বিক উন্নয়ন পরিবেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীও একই রকমের কথা এবং ইউরোপে দ্বন্দ্ব নিরসনে আলাপ-আলোচনার কথা বলেছেন।

“বঙ্গোপসাগরীয় অঞ্চল অতিমাত্রায় অস্ত্রশস্ত্রে সজ্জিত হবে, আমরা এমনটা চাই না। কেননা, সামগ্রিকভাবে এই অঞ্চল শান্তিপূর্ণ হলেও উপ-আঞ্চলিক বিরোধ এখানে রয়েছে। সুতরাং আমরা আশা করি, এই অঞ্চলের সব অংশীদার ইতিবাচক ভূমিকা পালন করবেন।”

সংঘাতের কারণে ইউরোপের ‘ভয়াবহ পরিস্থিতি’ তৈরি হয়েছে বলে উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, “আমাদের অঞ্চলে এ ধরনের পরিস্থিতি তৈরি হোক, সেটা কেউই চায় না।”

ভারতের সঙ্গে নিজেদের সমস্যাও আলোচনার ভিত্তিতে সমাধানে চীন কাজ করে জানিয়ে তিনি বলেন, “আমরা কোনো ধরনের যুদ্ধ চাই না এবং শান্তিপূর্ণভাবে সব বিরোধ নিরসনের কথা বলি, এমনকি ভারতের সঙ্গেও।”

চীন ভারতকে কখনই কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে না বলেও মন্তব্য করেন তিনি।

ডিক্যাব টকে সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাসের সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দীন।