২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নদীতে ভেসে যাওয়ার দুদিন পর মিলল লাশ

নদীতে ভেসে যাওয়া বাঁশ ও গাছ সংগ্রহে পানিতে নেমে তলিয়ে গিয়েছিলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 05:24 PM

Updated : 11 Aug 2023, 05:24 PM

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শঙ্খ নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যিনি দুদিন আগে স্রোতে তলিয়ে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে লাশ পাওয়ার কথা জানান আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মেদ।

নিহত মো. খোকনের (৩৮) বাড়ি চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে।

স্বজনদের বরাতে ওসি বলেন, বাড়ির কাছে শঙ্খ নদীতে ভেসে যাওয়া বাঁশ ও গাছ সংগ্রহের জন্য বুধবার নদীতে নেমেছিলেন খোকন। সেসময় স্রোতে তলিয়ে গেলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়।

 পরে শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে তার পরিচয় শনাক্তের কথা জানান ওসি।