চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে সোমবার
এক বছরের কম বয়সী শিশুদের জন্য নীল রঙের এবং এক থেকে পাঁচ বছরের শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
চট্টগ্রাম জেলায় আট লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে সোমবার।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, সারাদেশের মত সোমবার চট্টগ্রামেও সারাদিন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা পর্যায়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়েসী ৮ লাখ ৪ হাজার ৫৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য ঠিক করা হয়েছে বলে জানান ডা. ইলিয়াছ চৌধুরী।
তিনি বলেন, “ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সব ধরণের মৃত্যুর হার হ্রাস করে। রান্নায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহার শিশুর জন্য যথেষ্ট উপকারী।”
সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রামের ১৫ উপজেলায় ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ড, ১৬টি স্থায়ী কেন্দ্র, ১৫টি ভ্রাম্যমাণ কেন্দ্র ও ৪ হাজার ৮০০ অস্থায়ী কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
৬ থেকে ১১ মাস বয়সী ৯১ হাজার ৯১৮ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ১২ হাজার ৬৪৬ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে ৫ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য রয়েছে।
সিভিল সার্জন জানান, গত বছর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৮৮ হাজার ৪৭৬ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়, যা লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ এবং ১২-৫৯ মাস বয়সী ৬ লাখ ৮০ হাজার ১৬২ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয় যা লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ।
