২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে ট্রলারডুবি: বাকি ২ জনের লাশ মিলল ট্রলারের ভেতর

এ পর্যন্ত নিখোঁজ সাতজনের সবার লাশ উদ্ধারসহ আটজনের মৃত্যু হয়েছে।

কর্ণফুলীতে ট্রলারডুবি: বাকি ২ জনের লাশ মিলল ট্রলারের ভেতর

কর্ণফুলী নদী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 05:28 PM

Updated : 15 Oct 2022, 05:33 PM

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলার ডুবির তিন দিন পর নিখোঁজ আরও দুজনের লাশ পাওয়া গেছে।

শনিবার ট্রলারের ইঞ্জিন রুম থেকে একজন এবং ক্রু-কেবিন থেকে অপর জনের মরদেহ উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট রাজী আল-আমিন জানান।

নৌপুলিশের সদরঘাট থানার ওসি মো. একরাম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার উদ্ধার হওয়া মরদেহ দুটি গ্রিজার ম্যান প্রদীপ চৌধুরী এবং ট্রলারে ঘুরতে আসা আবদুল মোতালেবের। মোতালেব ট্রলারটির নাবিক মো. রাকিবের বাবা।”

এ ঘটনায় এখন পর্যন্ত সাত জনের মরদেহ উদ্ধার করা হলো।

আর আবুল বশর নামে একজন ট্রলারডুবির পর সাঁতরে উঠে এলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কর্ণফুলী থানার ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ডের ঘাটের কাছে মঙ্গলবার রাতে ‘এফভি মাগফেরাত’ নামে মাছ ধরার ট্রলার ডুবে সাতজন নিখোঁজ হন।

এরপর বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ট্রলারের চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, ক্যাপ্টেন ফারুক বিন আব্দুল্লাহ ও ডক মেম্বার রহমত মিয়া, ফিশ মাস্টার জহির উদ্দিন এবং সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামের মরদেহ পাওয়া যায়।

র‌্যাঙ্কন ওশেনা কোম্পানির মালিকানাধীন ‘এফভি মাগফেরাত’ নামের স্টিল বডি ট্রলারটি সংস্কারের জন্য তাদের নিজম্ব ডকইয়ার্ড সি-রিসোর্স ঘাটে বাঁধা ছিল।

মঙ্গলবার রাতে ডক প্রকৌশলী ও শ্রমিকদের উপস্থিতিতে ট্রলারটি ইয়ার্ডে তোলার সময় পাখা (প্রপেলার) খুলে গেলে নৌযানটি নিয়ন্ত্রণ হারায়। এসময় ঘাটে নোঙর করে রাখা অন্যান্য ফিশিং বোট ও বয়ার সঙ্গে ধাক্কা লেগে কাত হয়ে এটি ডুবে যায়।

ট্রলারের নিয়মিত লোকজনের পাশাপাশি ইয়ার্ডের শ্রমিকরাও তখন সেখানে ছিলেন। ট্রলারটি ডুবে যাওয়ার পর কয়েকজন সাঁতরে তীরে উঠে এলেও সাতজন নিখোঁজ হন।

তাদের মধ্যে নদীর বিভিন্ন অংশে ভেসে যাওয়া ৫ জনের লাশ উদ্ধার হলেও বাকি দুজনের মরদেহের সন্ধান মিলছিল না। শুক্রবার ট্রলারটি ফিশারিজ ঘাট এলাকায় টেনে নিয়ে যাওয়া হয়। পরে শনিবার ট্রলারে তল্লাশি চালিয়ে বাকি দুজনের লাশ পাওয়া যায়।

পুরনো খবর

পুরনো খবর:

কর্ণফুলীতে ট্রলারডুবি: আরও ২ জনের লাশ উদ্ধার
কর্ণফুলীতে ট্রলারডুবি: তিনজনের লাশ উদ্ধার
কর্ণফুলীতে ট্রলার ডুবে নিখোঁজ ৭