২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে ট্রলারডুবি: আরও ২ জনের লাশ উদ্ধার

এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন।

কর্ণফুলীতে ট্রলারডুবি: আরও ২ জনের লাশ উদ্ধার

কর্ণফুলী নদী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 08:06 PM

Updated : 13 Oct 2022, 08:10 PM

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরও দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ সাতজনের মধ্যে এনিয়ে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পাঁচজনের লাশ পাওয়ার কথা জানাল পুলিশ।

কর্ণফুলী থানার ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ডের ঘাটের কাছে মঙ্গলবার রাতে ‘এফভি মাগফেরাত’ নামে মাছ ধরার ট্রলার ডুবে সাতজন নিখোঁজ হন।

এ পর্যন্ত ট্রলারের চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, ক্যাপ্টেন ফারুক বিন আব্দুল্লাহ ও ডক মেম্বার রহমত মিয়া, ফিশ মাস্টার জহির উদ্দিন এবং সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামের মরদেহ পাওয়া গেছে।

গ্রিজার প্রদীপ চৌধুরী ও অন্য একজনের সন্ধান বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মেলেনি।

এদিকে আবুল বশর নামে একজনকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নৌপুলিশের সদরঘাট থানার এএসআই মো. রায়হান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুপুরের পর নদী থেকে জহিরুল ইসলাম ও জহির উদ্দিন নামে দুই জনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

“আবুল বশর নামে এক জন দুর্ঘটনার পর সাঁতরে উঠার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বশর মারা যায়।”

সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নৌপুলিশ সদরঘাট থানার ওসি মো. একরাম উল্লাহ জানিয়েছিলেন, গভীর রাতে ব্রিজঘাট এলাকায় একজনের এবং সকালে পদ্মা-মেঘনা-যমুনা অয়েল সংলগ্ন অংশে ও ডাঙারচর এলাকার অন্য দুজনের মরদেহ পাওয়া গেছে। স্রোতের সঙ্গে মরদেহগুলো মোহনার দিকে ভেসে এসেছিল।

র‌্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন ‘এফভি মাগফেরাত’ নামের স্টিল বডি ট্রলারটি সংস্কারের জন্য তাদের নিজম্ব ডকইয়ার্ড সি-রিসোর্স ঘাটে বাঁধা ছিল।

মঙ্গলবার রাতে ডক প্রকৌশলী ও শ্রমিকদের উপস্থিতিতে ট্রলারটি ইয়ার্ডে তোলার সময় পাখা (প্রপেলার) খুলে গেলে নৌযানটি নিয়ন্ত্রণ হারায়। এসময় ঘাটে নোঙর করে রাখা অন্যান্য ফিশিং বোট ও বয়ার সঙ্গে ধাক্কা লেগে কাত হয়ে এটি ডুবে যায়।

ট্রলারের নিয়মিত লোকজনের পাশাপাশি ইয়ার্ডের শ্রমিকরাও তখন সেখানে ছিলেন। ট্রলারটি ডুবে যাওয়ার পর কয়েকজন সাঁতরে তীরে উঠে এলেও সাতজন নিখোঁজ হন।

পুরনো খবর

পুরনো খবর:

কর্ণফুলীতে ট্রলারডুবি: তিনজনের লাশ উদ্ধার
কর্ণফুলীতে ট্রলার ডুবে নিখোঁজ ৭