১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১ ডিসেম্বর ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি

“জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মানে এ মাসের প্রথম দিনটিকে স্মরণীয় করতে ১ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবসের স্বীকৃতি ও পালন আজ সময়ের দাবি।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2023, 08:57 PM

Updated : 01 Dec 2023, 08:57 PM

বিজয় মাসের প্রথম দিন ১ ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি এসেছে চট্টগ্রাম সেক্টর কমান্ডারস ফোরামের এক আলোচনা সভায়।

শুক্রবার বিকেলে নগরীর দোস্ত বিল্ডিংয়ে সংগঠনের কার্যালয়ে সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ '৭১ চট্টগ্রাম জেলা ও মহানগরের উদ্যোগে এই আলোচনা সভা হয়।

সভার প্রধান আলোচক সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, “বাঙালি ও বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।

“স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত রূপ সশস্ত্র জনযুদ্ধের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের মুক্তির স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্যখচিত নিজস্ব জাতীয় পতাকা।”

বেদার বলেন, “এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ মাসেই। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মানে এ মাসের প্রথম দিনটিকে স্মরণীয় করতে ১ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবসের স্বীকৃতি ও পালন আজ সময়ের দাবি।”

বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এ সভায় বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, সংগঠনের নগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সহ সভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, সম্পাদক মন্ডলীর সদস্য   ইফতেখার রাসেল, আবদুল মালেক খান বক্তব্য দেন।

অন্যদের মধ্যে অ্যাডভোকেট সাইফুন নাহার, কামাল হোসেন রিজভী, নুরুল হুদা চৌধুরী, ডা. ফজলুল হক সিদ্দিকী, মঈনুল আলম খান, কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, রাজীব চন্দ, এম এ খালেক, সুপ্রিয়া ঘোষ, এম এইচ মানিক, অনিমেষ পালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।