২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের চার স্বাস্থ্যকেন্দ্র বন্ধের নির্দেশ

বন্দর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী এসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 10:51 PM

Updated : 20 Jan 2024, 10:51 PM

বৈধ কাগজ ছাড়া কার্যক্রম পরিচালনা করায় চট্টগ্রামের চার ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে সিভিল সার্জনের কার্যালয়।  

শনিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী এসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন।  

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, লাইসেন্স এবং বৈধ কাগজপত্র না থাকায় এসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন। 

প্রতিষ্ঠান চারটি হল- অগ্রণী ল্যাব ও ডায়গনস্টিক সেন্টার, সেবা ডেন্টাল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার, নিউ চাঁদের আলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং ন্যাশনাল চক্ষু হাসপাতাল।  

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ন্যাশনাল চক্ষু হাসপাতালের বৈধ কাগজপত্র ছিল না, নিউ চাঁদের আলো হসপিটালের লোকজন অসৈাজন্যমূলক আচরণ করেন, সেবা ডেন্টালের ডিপ্লোমাধারী ফিজিওথেরাপিস্ট ছিল না, অগ্রণী ল্যাবের লাইসেন্স ছিল না বলে জানান সুজন বড়ুয়া।