ছাত্রদল নেতা নুরু হত্যা: পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন নামঞ্জুর
২০১৭ সালে পুলিশ পরিচয়ে নুরুকে তুলে নেওয়া হয়েছিল, পরে তার লাশ পাওয়া যায়।
চট্টগ্রামে বাসা থেকে ‘তুলে নেওয়ার’ পরদিন কেন্দ্রীয় ছাত্রদলের এক নেতার লাশ উদ্ধারের ঘটনার পাঁচ বছর পর তিন পুলিশ কর্মকর্তাকে বিরুদ্ধে করা মামলার আবেদন নামঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়ার আদালতে আবেদনটি করা হয়। এই বিচারক বিকালে নামঞ্জুর করেন।
মামলার আবেদনকারীর আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত আবেদনটি নামঞ্জুর করেছেন। এর বিরুদ্ধে আমরা হাই কোর্টে রিভিশন করব।”
মামলার আবেদনে বিবাদী করা হয়েছিল- রাউজান থানার সেসময়ের এসআই শেখ মো. জাবেদ, ওসি মো. কেফায়েত উল্লাহ এবং চট্টগ্রামে তখনকার জেলা পুলিশ সুপার নূরে আলম মিনাকে।
২০১৭ সালের ২৯ মার্চ রাতে নগরীর চন্দনপুরার বাসা থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক নুরুল আলম নুরুকে ‘পুলিশ পরিচয়ে’ তুলে নেওয়া হয় বলে তখন পরিবারের সদস্য অভিযোগ করেছিল।
পরদিন সকালে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে কর্ণফুলী নদীর তীরে খেলারঘাট নামে স্থানে তার লাশ পাওয়া যায়।
নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর ১৫ (২) ধারায় মামলার আবেদনটি করা হয়েছিল। আবেদনে বলা হয়, নুরুর বিরুদ্ধে ‘গ্রেপ্তারি পরোয়ানা’ থাকার কথা বলে এসআই শেখ মো. জাবেদের নেতৃত্বে হ্যান্ডকাপ পরিয়ে কয়েকজন পুলিশ সদস্য সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
“নুরুকে ধরে নেয়ার পর বিভিন্ন স্থানে যোগাযোগ করে তার স্ত্রী সুমী আক্তার জানতে পারেন, তার স্বামীকে কাপড় দিয়ে মুখ-চোখ এবং রশি দিয়ে হাত বেঁধে রাউজানের নোয়াপাড়া কলেজ ক্যাম্পাসে নিয়ে নির্যাতন করা হয়। পরে রাতে কোনো এক সময় নুরুকে মাথায় গুলি করে হত্যা করে লাশ খেলারঘাটে কর্ণফুলী নদীর তীরে ফেলে দেয়া হয়।”
ঘটনার সময় দুটি মাইক্রোবাস ব্যবহার করা হয় উল্লেখ করে গাড়ি দুটির নম্বর, চালকের নাম ও সরবরাহকারীর নামও অভিযোগে উল্লেখ করা হয়।
তবে ২০১৭ সালের ২৯ মার্চ রাতে রাউজান থানা পুলিশের কোনো অভিযান ছিল না বলে পরদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেছিলেন সেসময় রাউজান থানার সেকেন্ড অফিসারের দায়িত্বে থাকা এসআই নুরুন্নবী।
