ছাত্রদল নেতা নুরু হত্যা: পাঁচ বছর পর ৩ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন
২০১৭ সালে বাসা থেকে নুরুল আলম নুরুকে ‘পুলিশ পরিচয়ে’ তুলে নেওয়ার অভিযোগ করেছিল তার পরিবার। পরদিন কর্ণফুলী নদীর তীরে তার মরদেহ পাওয়া যায়।
চট্টগ্রামে বাসা থেকে ‘তুলে নেওয়ার’ পরদিন কেন্দ্রীয় ছাত্রদলের এক নেতার লাশ উদ্ধারের ঘটনার পাঁচ বছর পর তিন পুলিশ কর্মকর্তাকে আসামি করে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়ার আদালতে ওই আবেদন করেন জাতীয়তাবাদী কৃষক দলের এক কেন্দ্রীয় নেতা।
এতে বিবাদী করা হয়েছে ২০১৭ সালে রাউজান থানার দায়িত্ব পালন করা এসআই শেখ মো. জাবেদ, ওসি মো. কেফায়েত উল্লাহ এবং তখনকার জেলা পুলিশ সুপার নূরে আলম মিনাকে।
আবেদনকারীর আইনজীবী মাহফুজার রহমান ইলিয়াস বলেন, “নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর ১৫ (২) ধারায় মামলার আবেদনটি করা হয়েছে। আদালত আমাদের আবেদনটি শুনলেও কোনো আদেশ এখনও দেননি।”
২০১৭ সালের ২৯ মার্চ রাতে নগরীর চন্দনপুরার বাসা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক নুরুল আলম নুরুকে ‘পুলিশ পরিচয়ে’ তুলে নেওয়ার অভিযোগ করেছিল তার পরিবার।
পরদিন সকালে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে কর্ণফুলী নদীর তীরে খেলারঘাটে তার মরদেহ পাওয়া যায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেছিল।
নুরুর ভাগ্নে রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “রাত ১২টার দিকে ছয় থেকে সাতজন সাদা পোশাকে এবং দুই-তিনজন জেলা পুলিশের পোশাক পরা লোক এসে নুরুকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়।”
পরদিন লাশ উদ্ধারের পর পুলিশ জানায়, নুরুর হাত রশি দিয়ে ও মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল। শরীরের মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল।
ওই ঘটনার পাঁচ বছরের বেশি সময় পর কৃষক দলের নেতা মিজনুর রহমান আদালতে এই মামলার আবেদন করলেন।
পরিবারের বাইরে থেকে বাদী হয়ে মামলার আবেদনের কারণ জানতে চাইলে আইনজীবী মাহফুজার রহমান বলেন, “পুলিশের বিরুদ্ধে মামলা করে টিকে থাকা সহজ নয়। আইনে তৃতীয় ব্যক্তি মামলা করার সুযোগ আছে।
“যেহেতু মামলায় পুলিশ কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে, তাই আমরা পুলিশকে তদন্তের ভার না দিয়ে বিচারবিভাগীয় তদন্তের আবেদন জানিয়েছি।”
মামলার আবেদনে বলা হয়, “ছাত্রদল নেতা নুরুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার কথা বলে সে সময়ের এসআই শেখ মো. জাবেদের নেতৃত্বে হ্যান্ডকাপ পরিয়ে কয়েকজন পুলিশ সদস্য সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
“নুরুকে ধরে নেওয়ার পর বিভিন্ন স্থানে যোগাযোগ করে তার স্ত্রী সুমী আক্তার জানতে পারেন, তার স্বামীকে কাপড় দিয়ে মুখ-চোখ এবং রশি দিয়ে হাত বেঁধে রাউজানের নোয়াপাড়া কলেজ ক্যাম্পাসে নিয়ে নির্যাতন করা হয়। পরে রাতে কোনো এক সময় নুরুকে মাথায় গুলি করে হত্যা করে লাশ খেলারঘাটে কর্ণফুলী নদীর তীরে ফেলে দেয়া হয়।”
ওই ঘটনায় দুটি মাইক্রোবাস ব্যবহার করা হয় জানিয়ে গাড়ি দুটির নম্বর, চালকের নামও মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
সে সময় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনার এখন রংপুরের পুলিশ কমিশনার হিসাবে কর্মরত। অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওইরকম কোনো ঘটনার কথা তার ‘জানা নেই’।
“কেউ নিহত হলে সে ঘটনায় মামলা হবে, চার্জশিট হবে- এটা স্বাভাবিক আইনগত প্রক্রিয়া। কেউ মামলার আবেদন করে থাকলে তা আদালত বিবেচনা করবেন।”
আর রাউজান থানার তৎকালীন ওসি কেফায়েত উল্লাহ বর্তমানে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে কর্মরত। তাকে ফোন করা হলে তিনি ধরেননি।
আরও খবর:
