মার্কিন ভিসা নীতি ‘মৃত বিএনপির’ জন্য অক্সিজেন: নাছির
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, “নির্বাচনের প্রাক্কালে আমেরিকার ভিসা নীতি সামনে রেখে বিএনপি-জামায়াত জোট হঠাৎ যেনো মৃত অবস্থায় অক্সিজেন পেয়েছে।”
নির্বাচনের বিষয়ে বিদেশি প্রেসক্রিপশনের ‘প্রয়োজন নেই’ মন্তব্য করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি বিএনপি-জামায়াত জোটের জন্য ‘অক্সিজেনের মত’ কাজ করেছে।
রোববার বিকালে দলের সভাপতি শেখ হাসিনার ষোড়শ কারামুক্তি দিবসের আলোচনাসভায় এ কথা বলেন নাছির। নগর আওয়ামী লীগের আয়োজনে দারুল ফজল মার্কেট কার্যালয়ে এই সভা হয়।
আ জ ম নাছির বলেন, “বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আমেরিকার ভিসানীতি সামনে রেখে বিএনপি-জামায়াত জোট হঠাৎ যেন মৃত অবস্থায় অক্সিজেন পেয়েছে। আমরা জানি এই মৃত সত্ত্বাটি পাকিস্তানি প্রেতাত্মা।
“আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন করবে সংবিধান ও স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কীভাবে হবে? কোন পদ্ধতিতে হবে সে ব্যপারে বিদেশি প্রেসক্রিপশনের প্রয়োজন নেই। যারা প্রেসক্রিপশন দিচ্ছেন তারা একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের প্রতিপক্ষ অপশক্তি ছিল।”
সাবেক সিটি মেয়র বলেন, “এই অপশক্তিকে নিয়ে জামায়াত-বিএনপি মাঠে নেমেছে। আমরাও মাঠে আছি। আমাদের একমাত্র শক্তি জনগণ, আদর্শগত চেতনা ও প্রেরণা মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবন দর্শন। আমাদের হারাবার কিছু নেই। জয় করবার মত সর্বশক্তি আমাদের আছে।”
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “গণতন্ত্রের সুরক্ষা করার জন্য আওয়ামী লীগ বদ্ধ পরিকর। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
“একটি অপশক্তি, যারা এখনো পাকিস্তানকে অন্তরে ধারণ করে এবং বাংলাদেশ চায়নি তারা বিভিন্ন অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উঠে-পড়ে লেগেছে। এর বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।”
প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নির্বাহী সদস্য ড. নেছার উদ্দীন আহমেদ মঞ্জু বক্তব্য দেন।
এ সময় কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু, ইকবাল হাসান, জামাল উদ্দীন, ফারুক আহমেদ, আনিসুর রহমান ইমন, কাজী হুমায়ুন আলম মুন্না উপস্থিত ছিলেন।
