২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সাংবাদিকদের বদলে যাওয়া বাংলাদেশ চেনালেন তথ্যমন্ত্রী

ভারতীয় সাংবাদিকদের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল দেখিয়ে এলেন হাছান মাহমুদ।

ভারতের সাংবাদিকদের বদলে যাওয়া বাংলাদেশ চেনালেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2023, 08:23 PM

Updated : 08 Jan 2023, 08:23 PM

সফররত একদল ভারতীয় সাংবাদিকদের সামনে দেশের গত এক যুগের উন্নয়নচিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এটা এখন বদলে যাওয়া বাংলাদেশ।

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ভারত থেকে আসা ৩৪ জন সাংবাদিকের সঙ্গে প্রেস ক্লাব আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, “এখন আর আকাশ থেকে কুড়েঘর দেখা যায় না, বাস্তবিক অর্থে কুড়েঘর হারিয়ে গেছে, এটিই বদলে যাওয়া বাংলাদেশ।

“যে ছেলেটি ১৪ বছর আগে বিদেশ গেছে সে এসে নিজের শহর চিনতে পারে না, নিজের গ্রাম চিনতে পারে না। ‘পায়ে চলা মেঠোপথ গেছে বহুদূর, রাখালি বাঁশির সুর সরল মধুর’ সেটি শুধু কবিতায় আছে, এখন সহজে পায়ে চলা মেঠোপথ গ্রামেও খুঁজে পাওয়া যায় না।”

এই বদলে যাওয়ার পেছনে ভারতের প্রভাব রয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, “ভারতের সঙ্গে গত ১৪ বছর ধরে আমাদের যে সুসম্পর্ক - যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। এই গভীর সম্পর্ক আমাদের উন্নয়ন অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, “পুরো পৃথিবী আজকে বাংলাদেশের প্রশংসা করে। কিন্তু আমাদের দেশের বিরোধীদলের রাজনীতিবিদরা দেখেও দেখে না, শোনেও শোনে না। তারা ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে বলে কোন উন্নয়ন হয়নি। পদ্মাসেতু দিয়ে পার হয়ে সরকারের বিরুদ্ধে বক্তৃতায় বলে কিছুই হয় নাই। এটি আমাদের দুর্ভাগ্য।”

বাংলাদেশের উন্নয়নের চিত্র স্বদেশে গিয়ে তুলে ধরতে ভারতের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান হাছান মাহমুদ।

তিনি বলেন, “আমরা দুই দেশের নাগরিক বটে, কিন্তু আমরা একই পাখির কলতান শুনি, একই নদীর অববাহিকায় আমরা বেড়ে উঠি। কাঁটাতারের বেড়া আমাদের এই বন্ধনকে বিভক্ত করতে পারেনি। কাঁটাতারের বেড়া আমাদের সংস্কৃতি-ঐতিহ্য-কৃষ্টি ভাষা, সবশেষে আমাদের ভালোবাসাকে বিভক্ত করতে পারেনি।”

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজার সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বশর মোহাম্মদ ফখরুজ্জামান, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর, সাধারণ সম্পাদক কিংসুক প্রামাণিক, আসামের সাংবাদিক মনোজ কুমার গোস্বামী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস।

মতবিনিময়ে কলকাতার ২৫ জন এবং আসামের ৯ জন সাংবাদিক অংশ নেন।

এর আগে তথ্যমন্ত্রী ভারতীয় সাংবাদিকদের নিয়ে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির স্থান পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন করেন।