২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সামরিক উর্দি পরা’ কারও ডাকে মুক্তিযুদ্ধে যায়নি মানুষ: ইঞ্জিনিয়ার মোশাররফ

ট্রেইনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিভিন্ন গেরিলা অপারেশনে সাধারণ মানুষও অংশ নিয়েছিল বলে জানান এ বীর মু্ক্তিযোদ্ধা।

‘সামরিক উর্দি পরা’ কারও ডাকে মুক্তিযুদ্ধে যায়নি মানুষ: ইঞ্জিনিয়ার মোশাররফ

মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2022, 06:41 PM

Updated : 15 Dec 2022, 06:41 PM

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ হিসেবে বর্ণনা করে এতে সাধারণ মানুষের অবদান অনেক বেশি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, “১৯৭১ এর মুক্তিযুদ্ধ ছিল প্রকৃতপক্ষে জনযুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে কৃষক-শ্রমিকসহ দেশের সকল শ্রেণিপেশার মানুষ সেদিন জীবন বাজি রেখে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের আধুনিক সমরাস্ত্রে সজ্জিত একটি প্রশিক্ষিত সামরিক বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিল।

“মুক্তিযুদ্ধের নয়টি মাস দেশের অভ‍্যন্তরে থেকে, ট্রেইনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সাথে বিভিন্ন গেরিলা অপারেশনে অংশগ্রহণ ও তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল। মুক্তিযুদ্ধে তাদের অবদান কম নয়।”

মোশাররফ বলেন, “সামরিক উর্দি পরা কোনো মেজর বলে দিল আর অমনিতেই মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ জীবন দিয়েছে তা কিন্তু না। বাঙালির স্বাধিকার স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতায় ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ডাকেই বাঙালি যার যা কিছু আছে তা নিয়ে দেশের স্বাধীনতার ‍জন্য মুক্তিযুদ্ধ করেছে।

“সামরিক বাহিনীর সদস্য যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, তাদের চেয়ে সাধারণ মানুষ যারা মুক্তিযোদ্ধা তাদের অবদান বহুলাংশে বেশি ছিল। মুক্তিযুদ্ধের পর বীরত্বের সাথে যুদ্ধ করা সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের ‘জেনারেল ওসমানীরা’ বীরত্বপূর্ণ খেতাব প্রদান থেকে বঞ্চিত করে।”

পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত‍্যার পর এরাই মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধ ধ্বংসের অপচেষ্টা চালিয়েছে বলে দাবি করেন মোশাররফ।

উত্তর আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন চৌধুরী, আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, দেবাশীষ পালিত, বেদারুল আলম চৌধুরী বেদার, বখতেয়ার সাঈদ ইরান, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি বেগম দিলোয়ারা ইউসুফ, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বক্তব্য দেন।