২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে ভিড়ে ‘ঠেলাঠেলি করে’ পকেটমার, গ্রেপ্তার ৭

পুলিশ জানায়, সাধারণত অফিস শুরু ও শেষের সময় বাসে ভিড় বেশি হয়, আর ওই সময়টিকেই বেছে নিত গ্রেপ্তার ব্যক্তিরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2023, 07:05 PM

Updated : 14 Feb 2023, 07:05 PM

প্রতি দলে থাকে তিন থেকে চার জন, যাত্রীবেশে বাসে উঠে দরজার কাছে দাঁড়িয়ে ভিড়ের অজুহাতে যাত্রীদের সঙ্গে করে ঠেলাঠেলি। এ সুযোগে যাত্রীর কাছ থেকে হাতিয়ে নেয় মোবাইল ফোন, মানিব্যাগ। সঙ্গীর হাতে দিয়ে সটকে পড়ে দ্রুত। এভাবে প্রতিদিন তারা অন্তত ১০টি চুরি করে।

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকা থেকে সোমবার রাতে ‘যাত্রীবেশে পকেটমার চক্রে’র সাত সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে তাদের মোবাইল ফোন-মানিব্যাগ হাতিয়ে নেয়ার এ কৌশল। এরা পকেটমারার পাশাপাশি অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে থাকে বলেও পুলিশের ভাষ্য।

গ্রেপ্তার সাতজন হলেন- মো. রুবেল ওরফে চাকমা রুবেল (৩২), মো. আল আমিন (৩০), রমজান হোসেন রুবেল (৩২), শাহাদাৎ হোসেন বাবু (৩০), মো. বাদশা (২৮), দ্বীন ইসলাম ওরফে মুন্না (৩১) ও মনির হোসেন (৩৮)।রুবেল দলটির হোতা বলে পুলিশের দাবি।

কোতোয়ালি থানার এসআই মোমিনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার ব্যক্তিরা দল বেঁধে নগরীর বিভিন্ন বাস স্টপেজে অবস্থান নেয়। বিভিন্ন গণপরিবহনে ভিড়ের মধ্যে যাত্রীবেশে উঠে যায় এবং দরজায় দাঁড়িয়ে সাধারণ যাত্রীদের সাথে ঠেলাঠেলি করে। এক পর্যায়ে পকেট থেকে মোবাইল ফোন-মানিব্যাগ নিয়ে অন্য সহযোগীর হাতে দিয়ে দেয়। পরের স্টপেজে গিয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ে। এভাবে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০টি চুরি করে।”

এসআই মোমিনুল জানান, তারা মূলত নগরীর নিউ মার্কেট, টাইগারপাস মোড়, দেওয়ানহাট, বাদামতল, নিমতলা ও বহদ্দারহাট মোড়ে অবস্থান নেয়। সকাল ও সন্ধ্যায় অফিস শুরু এবং শেষের সময় বাসে বেশি ভিড় থাকে, ওই সময়টিকেই তারা বেছে নেয় চুরির জন্য।

তিনি বলেন, “এ চক্রের সদস্যরা খুব ভোর থেকে রাস্তায় বের হয়। ওই সময় বিভিন্ন জেলা থেকে আসা বাস ও ট্রেন যাত্রীদের পথরোধ করে মোবাইল ফোন এবং টাকা-পয়সা হাতিয়ে নেয়।”

গ্রেপ্তারদের মধ্যে রুবেলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অন্তত ১৫টি, রমজানের বিরুদ্ধে আটটি এবং অন্যদের বিরুদ্ধেও নগরী এবং বিভিন্ন জেলায় একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।