২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

সিঙ্গাপুরে বাসে জোরে গান বাজালে গুণতে হবে জরিমানা

বাসে জোরে গান বাজানো বা অডিও চালানো, সিটে পা রাখা, খাবার খাওয়া, পানীয় পান করা কিংবা ময়লা ফেললে ৫০০ সিঙ্গাপুরি ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

সিঙ্গাপুরে বাসে জোরে গান বাজালে গুণতে হবে জরিমানা

সিঙ্গাপুরের বাস। ছবি: ফেইসবুক/ল্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 11:09 PM

Updated : 23 Sep 2026, 11:09 PM

বাসে যাত্রীদের বিরক্তিকর আচরণ ঠেকাতে নতুন নিয়ম চালু করেছে সিঙ্গাপুর। এখন থেকে বাসে জোরে গান বাজানো বা অডিও চালানো, সিটে পা রাখা, খাবার খাওয়া, পানীয় পান করা কিংবা ময়লা ফেললে ৫০০ সিঙ্গাপুরি ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

আরও গুরুতর অপরাধের ক্ষেত্রে জরিমানার পরিমাণ হতে পারে ৫ হাজার সিঙ্গাপুরি ডলার পর্যন্ত। এসব অপরাধের মধ্যে রয়েছে বাস টার্মিনাল বা বাসের ভেতরে যাত্রী চলাচলে বাধা বা বিপদ সৃষ্টি করা এবং বাস, বাস ইন্টারচেঞ্জ বা টার্মিনালের কোনও অংশ নোংরা করা।

সোমবার নতুন নিয়মের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুরের ল্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটি (এলটিএ)। সংস্থাটি বলেছে, এর ফলে গণপরিবহনে আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত হবে।

নতুন নিয়মগুলো সিঙ্গাপুরের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) বা রেল নেটওয়ার্কের বিদ্যমান বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কিন্তু দীর্ঘ দিন ধরে রেল নেটওয়ার্কে (এমআরটি) ট্রেনে খাবার খাওয়ার সময় হাতেনাতে ধরা পড়া যাত্রীদের জন্য শাস্তির ব্যবস্থা থাকলেও, বাসের নিয়মগুলো সাধারণত পরিবহন কোম্পানিগুলোর নিজস্ব নীতিমালার ওপর ভিত্তি করে তৈরি হত এবং চালকরা তা কার্যকর করতেন, যারা চাইলেই যাত্রীদেরকে বাস থেকে নেমে যেতে বলতে পারতেন।

তবে এখন থেকে এই বিরক্তিকর আচরণগুলো আইনগত অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর জন্য সঙ্গে সঙ্গেই জরিমানা করা হবে।

এলটিএ (ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি) বলছে, অনুমোদিত বাস কর্মীরা- যেমন: টিকিট পরিদর্শক এবং বাস ইন্টারচেঞ্জ কর্মীরা এমন যাত্রীদের অফিসিয়াল নোটিশ বা (দাপ্তরিক নোটিশ) জারি করতে পারবেন, যাদের বিরুদ্ধে কোনও অপরাধ করার সন্দেহ রয়েছে।

তবে বাসচালকদের এ ধরনের ক্ষমতা দেওয়া হয়নি। তাদের মূল দায়িত্ব বাস নিরাপদে পরিচালনা করা। যদিও কোনও যাত্রী উশৃঙ্খল আচরণ করলে চালক তাকে তা বন্ধ করতে বলতে পারবেন।

নির্দেশ অমান্য করলে ওই যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হতে পারে কিংবা পরিস্থিতি গুরুতর হলে পুলিশকেও হস্তক্ষেপ করতে হতে পারে।

গণপরিবহনে যাত্রীদের বিরক্তিকর আচরণ বাগে আনতে সিঙ্গাপুরই একমাত্র দেশ নয়। বিশ্বের বিভিন্ন দেশের শহরেও এ ধরনের বিধিনিষেধ দেওয়া হচ্ছে।