চবির বাজেটে গবেষণায় বরাদ্দ ২.১১%
প্রাথমিক স্বাস্থ্য সেবা খাতে রাখা হয়েছে মাত্র ৬৩ লাখ টাকা, যা বাজেটের ০ দশমিক ১৬ শতাংশ।
চলতি অর্থবছরে ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে ৩৫তম বার্ষিক সিনেট সভায় এই বাজেট পাস হয়। এতে গবেষণায় বরাদ্দ দেওয়া হয় প্রায় সাড়ে ৮ কোটি টাকা, যা বাজেটের ২ দশমিক ১১ শতাংশ।
উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বাজেট উত্থাপন করেন।
এতে সর্বোচ্চ ৭৭ দশমিক ৩৭ শতাংশ (৩১৩ কোটি ৬১ লাখ) বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন খাতে। আর প্রাথমিক স্বাস্থ্য সেবা খাতে রাখা হয়েছে মাত্র ৬৩ লাখ টাকা, যা বাজেটের ০ দশমিক ১৬ শতাংশ।
অধিবেশনে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক মো. আফতাব আলী শেখ বলেন, “গবেষণা ছাড়া স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব নয়। বঙ্গবন্ধু ২২ শতাংশ গবেষণা খাতে রাখার কথা বলেছিলেন। তাই গবেষণা খাতে আরও বরাদ্দ রাখা উচিত ছিল।"
উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার তার বক্তৃতায় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর মেয়াদী ডিজিটাল মাস্টার প্ল্যানের আওতায় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন ও একাডেমিক কর্মকাণ্ডের উৎকর্ষ বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশগত মানোন্নয়নের উদ্দেশে একটি প্রকল্প নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে এটি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ‘চবির একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং গবেষণা সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পটি প্রস্তাব অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে।
“ইতোমধ্যে প্রকল্প প্রস্তাবটি ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে স্থান পেয়েছে। প্রকল্প প্রস্তাবে ৩টি একাডেমিক ভবন, সায়েন্টিফিক রিসার্চ ল্যাব, দ্বিতীয় প্রশাসনিক-কাম-সিনেট ভবন, টিএসসি ভবন, ২টি আবাসিক হল, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, সোলার পাওয়ার প্লান্ট অন্তর্ভুক্ত আছে।”
আগামী ৮ অগাস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন উপলক্ষে প্রায় ৭ বছর ধরে নির্মাণাধীন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলটি চালুর ঘোষণা দেন উপাচার্য।
আগের অর্থবছরে ৩৮২ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা করলেও সংশোধনে তা বেড়ে ৩৯৬ কোটি ৫ লাখ টাকা হয়।
