২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১১

শাহ আমানত ও শাহজালাল হলের ফটকে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 09:52 PM

Updated : 05 Sep 2022, 09:52 PM

এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।

সোমবার বিকাল পৌনে ৪টার দিকে ক্যাম্পাসের শাহ আমানত ও শাহজালাল হলের ফটকে এ সংঘর্ষ হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুপুরে শহীদ মিনারের সামনে দুই পক্ষের বিরোধের জেরে দুই হলে উত্তেজনা সৃষ্টি হয়।

“পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই হলের সামনেই পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।”

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র মো. ইখলাস, সমাজতত্ত্ব বিভাগের আরিফুল ইসলাম ও মোহাম্মদ আজাদ, রাজনীতি বিজ্ঞান বিভাগের রাসেল শেখ, ইমন ও মো. আজহার, পালি বিভাগের সাগর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আরিফ তানভীর, সংস্কৃত বিভাগের সামিউল হক, মার্কেটিং বিভাগের জুনায়েদ হোসেন এবং ব্যবস্থাপনা বিভাগের রাকাত।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দুপুরে ইসলামের ইতিহাস বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মির্জা সফল প্রধান ক্লাস শেষে ফেরার পথে শহীদ মিনার এলাকায় শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিএফসির কর্মীরা তার উপর হামলা করে।

পুরনো খবর:

চবিতে ছাত্রলীগের এক কর্মীকে পেটাল আরেক গ্রুপ

ওই হামলার খবর হলে ছড়িয়ে পড়লে শাহজালাল ও শাহ আমানত হলে উত্তেজনা সৃষ্টি হয়। সিএফসির নেতাকর্মীরা শাহ আমানত হলে এবং সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলে অবস্থান নেয়। এরপর দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই গ্রুপের মধ্যে ঝামেলার ঘটনা শুনেছি। সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সাথে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এর কারণ শনাক্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, “দুপুরে বিনা কারণে মির্জা সফল প্রধানের উপর হামলা হয়। এরপর বিকেলে আবার হামলা করা হয়েছে। যারা দোষী তাদের চিহ্নিত করতে হবে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।” বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিএফসি গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের এবং সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।