চবিতে ছাত্রলীগের এক কর্মীকে পেটাল আরেক গ্রুপ
এ ঘটনায় দোষীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর শহীদুল ইসলাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনের বগিভিত্তিক শাখা ছাত্রলীগের এক গ্রুপের কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে আরেক গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে।
সোমবার বেলা পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী মির্জা সফল প্রধান বগিভিত্তিক গ্রুপ সিক্সটি নাইনের কর্মী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ছাত্র।
তার উপর হামলার অভিযোগ বগিভিত্তিক আরেক গ্রুপ সিএফসির বিরুদ্ধে।
চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইনের নেতা ইকবাল হোসেন টিপুর অভিযোগ, ক্লাস শেষে ফেরার পথে শহীদ মিনারের সামনে আসলে সিএফসির ১৫ থেকে ২০ জনের একটি দল সফলের উপর হামলা চালায়। তাকে রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গুরুতর আহত অবস্থায় সফলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রলীগের সভাপতি ও সিএফসির নেতা রেজাউল হক রুবেল ফোনে বলেন, "আমি কিছু জানি না। আমি ঢাকায় আছি।"
এ ঘটনায় দোষীদের শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে চবি'র সহকারী প্রক্টর শহীদুল ইসলাম বলেন, “আশা করছি শীঘ্রই দোষীদের বিচারের আওতায় আনা যাবে।"
