২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ গ্রেপ্তার: চট্টগ্রামে শাশুড়ি ও জামাতার যাবজ্জীবন

আসামিদের মধ্যে শাশুড়ি কারাগারে এবং তার মেয়ের জামাই জামিনে বের হওয়ার পর থেকে পলাতক।

ইয়াবাসহ গ্রেপ্তার: চট্টগ্রামে শাশুড়ি ও জামাতার যাবজ্জীবন

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 07:42 PM

Updated : 03 Aug 2023, 07:42 PM

তিন বছর আগে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তারের মামলায় শাশুড়ি ও জামাতার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা হলেন- কক্সবাজারের চকরিয়া থানার দরবেশকাটা গ্রামের শাহিদা বেগম (৪২) এবং একই গ্রামের মো. রিফাত (২০)। তারা সম্পর্কে শাশুড়ি ও জামাতা।

এই মামলায় টেকনাফের চান্দুলি পাড়ার মো. হাশিম (২৭) নামের আরেকজনকে খালাস দিয়েছেন বিচারক।

আসামিদের মধ্যে শাহিদা কারাগারে ও রিফাত পলাতক বলে জানান মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. নোমান চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (গ)/৪১ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২০ নভেম্বর নগরীর কর্ণফুলী থানার রাঙ্গাদিয়া সিইউএফএল ১৫ নম্বর ঘাট রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে রিফাত ও শাহিদাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডবলমুরিং সার্কেল।

এসময় রিফাতের হাতে থাকা পলিথিন থেকে ১০ হাজার এবং শাহিদার ভ্যানিটি ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর তারা জানান হাটহাজারী সদর উপজেলায় হাশিম নামের এক ব্যক্তির তাদের কাছ থেকে এসব ইয়াবা গ্রহণের কথা।  

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেসময়ের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে কর্ণফুলী থানায় তিনজনকে আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হলে ২০২১ সালের ১ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। 

আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এই রায় দেয়।