সেপটিক ট্যাংকে নেমে চট্টগ্রামে দুই শ্রমিকের মৃত্যু
একজন নামার পর উঠে না আসায় আরেকজন নামেন। তিনিও উঠে না আসায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
চট্টগ্রামের হাটহাজারীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার উপজেলার দক্ষিণ মার্দাশায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান।
নিহতরা হলেন- মো. ইয়াছিন (২৭) ও মো. বাদশা (২৮)।
হাটহাজারী থানার মদুনাঘাট ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাংকে তিন শ্রমিক কাজ করতে নামলে দুইজন অসুস্থ হয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস হাটহাজারী স্টেশনের লিডার ফজল মিয়া জানান, বিকালে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুই শ্রমিককে উদ্ধার করেন।
তিনি বলেন, “ভবনটির সেপটিক ট্যাংকে 'শাটারিং' করা ছিল পাশাপাশি ম্যানহোলও আটকানো ছিল। এক শ্রমিক সেখানে নামার পর উঠে না আসায় আরেকজন নামেন। সেও উঠে না আসায় আমরা গিয়ে তাদের উদ্ধার করি।”
লিডার ফজলুর ধারণা, ট্যাংকটিতে বিষাক্ত গ্যাস জমে যাওয়ায় শ্রমিকরা নেমে আর উঠে আসতে পারেনি।
