২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় ‘পূর্ব বিরোধের জেরে’ যুবক খুন, গ্রেপ্তার ১

শাহাদাত ও তারেকসহ চারজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়ায় ‘পূর্ব বিরোধের জেরে’ যুবক খুন, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2023, 12:30 PM

Updated : 22 Nov 2023, 01:39 PM

চট্টগ্রামের সাতকানিয়ায় ‘পূর্ব বিরোধের জেরে’ এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার ছদহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রোয়াজির পাড়ায় এ ঘটনার পর একজনকে আটক করার কথা জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার।

নিহত যুবকের নাম মো. শাহাদাত হোসেন, রোয়াজির পাড়া এলাকাতেই তার বাড়ি। তাকে ছুরিকাঘাত করা মো. তারেকও একই এলাকায় থাকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, তারেক সোমবার রাতে শাহাদাতের বয়স্ক চাচাকে ‘উত্ত্যক্ত’ করেছিলেন। চাচা বাড়িতে গিয়ে ভাতিজা শাহাদাত ও তার ভাইদের ঘটনা জানান।

“মঙ্গলবার রাতে স্থানীয় বাজারে তারেককে দেখে শাহাদাত ও তার দুই ভাই আগের দিনের ঘটনার কারণ জানতে চান। তখন দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়। তারেক একপর্যায়ে শাহাদাত ও তার ভাইদের এলোপাতারি ছুরিকাঘাত করেন। এ সময় তিনি নিজেও আহত হন।

সেখান থেকে আহত চারজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, আহত তারেককে গ্রেপ্তার দেখিয়ে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।