২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোড মার্চ শেষে বিএনপির পাঁচ দিনের নতুন কর্মসূচি

এই পাঁচ দিন মিছিল, সমাবেশ ও অনশনের মত কর্মসূচি পালন করবে বিএনপি। এর মধ্যে ১৮ অক্টোবর ঢাকায় হবে গণ সমাবেশ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 10:52 PM

Updated : 05 Oct 2023, 10:52 PM

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চট্টগ্রামের রোড মার্চ থেকে পাঁচ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

এই পাঁচ দিন মিছিল, সমাবেশ ও অনশনের মত কর্মসূচি পালন করবে বিএনপি। এর মধ্যে ১৮ অক্টোবর ঢাকায় হবে গণ সমাবেশ।  

দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাতে নগরীর নূর আহম্মদ সড়কে রোড মার্চ পরবর্তী সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “সামনে দুর্গা পূজা আছে, সেই দুর্গা পূজার আগে আমরা কোনো কঠোর কর্মসূচি দিতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, শান্তিপূর্ণভাবে আন্দোলন এগিয়ে নিতে চাই। তাই ১৮ অক্টোবর পর্যন্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করছি।

“এর মধ্যে সরকারকে বলতে চাই, আপনারা পদত্যাগ করেন। পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। অন্যথায় জনতাই সেই ক্ষমতা দখল করবে।”

পাঁচ দিনের কর্মসূচির মধ্যে খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার জন্য আগামী ৯ অক্টোবর সারাদেশের মহানগর ও জেলায় সমাবেশ ও মিছিল করবে বিএনপি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ১২ অক্টোবর ঢাকায় হবে ছাত্র কনভেনশন।

খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে ১৪ অক্টোবর ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে গণ অনশন করবে বিএনপি। আর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ১৬ অক্টোবর ঢাকায় যুব সমাবেশ এবং ১৮ অক্টোবর ঢাকায় গণ সমাবেশ করবে দলটি।  

ফখরুল বলেন, “১৮ অক্টোবর ঢাকার সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। এর মধ্যে সরকারকে বলতে চাই, আপনারা পদত্যাগ করেন। পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। অন্যথায় জনতাই সেই ক্ষমতা দখল করবে।

“আল্লাহর কাছে দোয়া করি, এ কর্মসূচি যেন শেষ কর্মসূচি হয়। এখান থেকে সরকারকে যেন ক্ষমতা থেকে নামাতে পারি।”

বিএনপি মহাসচিব বলেন, “আমরা অহিংস আন্দোলন করছি। যদি আমাদের ওপরে কোনো আক্রমণ, অন্যায়ভাবে হয়রানি ও গ্রেপ্তার করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। প্রতিরোধ গড়ে তোলা হবে। সেই প্রতিরোধ হবে বাংলাদেশের মানুষের বিজয়ের সূচনা।”

গত ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগ থেকে বিএনপি রোডমার্চের কর্মসূচি শুরু করে। এরপর ২৩ মার্চ বরিশাল, ২৬ সেপ্টেম্বর খুলনা, ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহ এবং ৩ অক্টোবর ফরিদপুরে রোড মার্চ হয়। 

বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চের মধ্য দিয়ে ৬টি রোড মার্চের কর্মসূচি শেষ করল বিএনপি।

সকালে কুমিল্লা থেকে যাত্রা করে বিএনপি নেতাকর্মীরা ফেনী ও মিরসরাইয়ে পথসভা করেন। রাত ৯টার দিকে রোড মার্চ চট্টগ্রামে পৌছায়। চট্টগ্রাম ও আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রাম নগরীর সমাবেশ স্থলে জড়ো হয় দুপুর থেকেই।

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মো. শাহজাহান, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দোকার, এসএম ফজলুল হক, যুগ্ম সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রামের রোড মার্চের সমন্বয়ক মাহবুবে রহমান শামীম সমাবেশে বক্তব্য দেন।