ভোট করে জনপ্রিয়তা পরখ করুন: বিএনপিকে হাছান
“এদেশে গাড়ি ও মানুষ পুড়িয়ে জনগণের সম্পদ নষ্ট করে অপরাজনীতি করাও আর সম্ভবপর হবে না,” বলেন তিনি।
আগামী নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে জনপ্রিয়তা যাচাই কারার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেছেন, “নির্বাচনে অংশগ্রহণ করে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। জনগণ কাদের সাথে আছে তা পরখ করে দেখুন।
“ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনেও এদেশের মানুষ আবারও ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পরপর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। এবং দেশ পরিচালনার দায়িত্ব দেবে।”
শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ নির্বাচনী এলাকার (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, “এদেশের জনগণ বিএনপি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের এদেশে মানুষ পোড়ানোর অপরাজনীতি করার সুযোগ আর দেবে না।
“এদেশে গাড়ি ও মানুষ পুড়িয়ে জনগণের সম্পদ নষ্ট করে অপরাজনীতি করাও আর সম্ভবপর হবে না।”
তথ্যমন্ত্রী বলেন, “এখন প্রতিদিন টেলিভিশনের পর্দায় এবং পত্রিকার পাতায় দেখতে পাই- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা সরকারকে আর একদিনও সময় দেবে না। এভাবে সময় না দেওয়ার মধ্যে আল্লাহর রহমতে সাড়ে ১৪ বছর আমরা ক্ষমতায় আছি। তারা যতই সময় দিবে না বলে, ততই জনগণ আমাদের সময় বাড়িয়ে দেয়।
“২০০৬ সালে বিএনপি সরকারের বাজেট ছিলো ৬১ হাজার কোটি টাকা। এবার আমাদের বাজেট হলো ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৫ কোটি টাকা। বাজেটের আকার তাদের চেয়ে সাড়ে ১১ গুণ বড়। এখন গ্রামে শহরের সমস্ত সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে। ‘গ্রাম হবে শহর’ ছিলো গত নির্বাচনে আমাদের স্লোগান।”
পুরো দেশ শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে মন্তব্য করে হাছান বলেন, “এখন দেশ বদলে গেছে, বাংলাদেশের প্রতিটি গ্রাম বদলে গেছে। আজকের বাংলাদেশের চিত্রের সাথে ১৫ বছর আগের চিত্রের মধ্যে পার্থক্য রয়েছে।”
স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, “স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা হলেন সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে পৌঁছানোর আসল মাইক। মানুষ আপনাদের কথা শুনে, আপনাদের কথা বিশ্বাস করে।
“মানুষের কাছে সরকারের বার্তা পৌঁছানোর জন্য আপনারা সেতু বন্ধন রচনা করেন। তাই সাধারণ জনগণের মাঝে আজকে যে দেশটি পরিবর্তন হয়ে গেছে- এই বার্তাটি পৌঁছে দিতে হবে।”
রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চিশতি, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আলী শাহ, ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উত্তর জেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
