চট্টগ্রামে সালিশ চলাকালে ‘মারধর’, যুবকের মৃত্যু
পুলিশ বলছে, স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে বৈঠক চলাকালে ওই যুবককে মারধর করা হয়।
চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলায় ‘সালিশ বৈঠকের’ সময় মারধরের শিকার এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত আবু বক্কর সিদ্দিকী ওরফে বাবলু (২১) ওই উপজেলার ধর্মপুর গ্রামের নুরুল আলমের ছেলে। গত বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জায়গা-জমি নিয়ে বাবলুর বাবা নুরুল আলমের সঙ্গে প্রতিবেশী মাহবুব আলমের দীর্ঘদিনের বিরোধ। এগুলো নিয়ে দুই পরিবারের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া হত।
“গত মঙ্গলবার রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের উপস্থিতিতে দুই পরিবারের সালিশ চলছিল। এক পর্যায়ে মাহবুব আলমের ছেলে আরাফাত উঠে বাবলুকে মারধর করে।"
এতে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা বাবলুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শ্বাসকষ্ট শুরু হলে ওইদিন রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এর পরদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় বাবলুর বাবা মামলা করেছেন; জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করছে বলে জানান ওসি।
