২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের মামলায় চট্টগ্রামে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দুই আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক মাসের সাজা দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2023, 08:47 PM

Updated : 22 Jan 2024, 07:23 PM

চট্টগ্রামে তিন বছর আগে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জয়নাল আবেদিন এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি জিকো বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশু অপহরণ ও ধর্ষণের অভিযোগে আসামি সঞ্জয় দে এবং তাকে সহযোগিতা করায় কাঞ্চন মিত্রকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

“এদের মধ্যে সঞ্জয় দে রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আসামি কাঞ্চন মিত্র শুরু থেকে পলাতক।”

দুই আসামিকেই ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক মাসের সাজা দিয়েছে আদালত।  

মামলার নথি থেকে জানা যায়, চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি গ্রামের বাসিন্দা অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে (১৪) একই গ্রামের বাসিন্দা সঞ্জয় দে স্কুলে আসা-যাওয়ার সময় প্রেম নিবেদন করতেন। বিষয়টি ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সঞ্জয়ের পরিবার ও স্থানীয়দের জানানো হয়।

২০২০ সালের ৫ জুলাই বাড়ির সামনের রাস্তা থেকে ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকায় আটকে রাখেন সঞ্জয়। তখন ছাত্রীর বাবা টেলিফোনে লোক মারফত যোগাযোগ করলে আসামিরা ওই ছাত্রীকে সঞ্জয়ের সঙ্গে বিয়ের জন্য চাপ দেন।

এরপর ছাত্রীটির বাবা বাদি হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে।

ঘটনার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দিলে ২০২২ সালের ২ জানুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করা হয়।

মামলায় সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত রায় দেয়।