এনসিটি ইজারা দেওয়ার কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন
চার দফা দাবিতে এ কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার কার্যক্রম বন্ধ এবং আগের আন্দোলনের সময় বন্দর কর্মচারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার বিকালে বন্দর সংলগ্ন নিমতলা বিশ্বরোড থেকে ওয়ানস্টপ সার্ভিস সেন্টার পর্যন্ত সড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, “চট্টগ্রাম বন্দর আমাদের বাংলাদেশের একমাত্র বন্দর। এই একটি বন্দরকে নিয়ে আমরা কেন খেলছি? এটা আমি প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশে আরো অনেক অনুন্নত জায়গা আছে। যদি কারো এত শখ থাকে ওই সমস্ত জায়গাগুলোতে আপনারা তাদেরকে প্রভাইড করেন। এনসিটি চট্টগ্রাম বন্দরের অর্থায়নে তৈরি। বন্দরের অর্থায়নে এটিকে আধুনিকায়ন করা হয়েছে। বন্দরের সিংহভাগ আয় এখান থেকে হয়।
“ফলে আমরা বলতে চাই, চট্টগ্রাম বন্দরকে নিয়ে আপনারা আর কেউ কোনো খেলা খেলবেন না। যদি কোনো খেলা আর খেলতে চান, চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীসহ বাংলাদেশের সমস্ত মানুষ এর প্রতিবাদ করবে।”
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমল থেকে যারা এনসিটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য কাজ করেছে তাদেরকে বিভিন্নভাবে পুরষ্কৃত করা হচ্ছে। আগের সরকারের সময় থেকে এখন পর্যন্ত বন্দরে কর্মরত যেসব কর্মকর্তা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তাদের অপসারণ করতে হবে।
“বন্দরের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির কোনো চেষ্টা করবেন না। দীর্ঘদিন ধরে জনবল নিয়োগ বন্ধ রেখে বন্দরের অপারেশনাল কার্যক্রমকে স্থবির করে বেসরকারিকরণের দিকে নেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে হবে। বন্দরের শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগ দিয়ে কার্যক্রম গতিশীল করুন।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর মার্চেন্ট শ্রমিকদল নেতা হারুন অর রশিদ, ইয়াছিন রেজা রাজু, মো. হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সিবিএর সহসম্পাদক মোজাহের হোসেন শওকত, আবুল কালাম আজাদ, হুমায়ুন কবীর, আনোয়ারুল আজিম রিংকু, মঞ্জুরুল পারভেজ সুমন, খন্দকার মাসুদুজ্জামান, শফিকুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন।
চার দফা দাবিতে এই কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। একই দাবিতে ২৭ সেপ্টেম্বর বিকেল তিনটায় ফকিরহাট সংলগ্ন বন্দরের ৩ নম্বর গেট থেকে বন্দর ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।
চার দফা দাবির মধ্যে আছে- চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার কার্যক্রম বন্ধ এবং আগের আন্দোলনের সময় বন্দর কর্মচারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার।
এছাড়া আওয়ামী লীগ সরকারের আমল থেকে এখন পর্যন্ত বন্দরে কর্মরত যেসব কর্মকর্তা এনসিটিকে ডিপি ওয়র্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের অপসারণ করার দাবি সংগঠনটির।
পাশাপাশি দীর্ঘদিন ধরে জনবল নিয়োগ বন্ধ রেখে বন্দরের পরিচালনার চলমান কার্যক্রম স্থবির করে বেসরকারিকরণ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার দাবিও তুলেছে তারা। আর বন্দরের সকল শূন্যপদে জনবল নিয়োগ করে কার্যক্রম গতিশীল করার দাবি জানিয়েছেন তারা।
রিলেটেড লিংক-
টার্মিনাল ইজারার উদ্যোগ: বন্দর ভবনের সামনে অবস্থান ৫ অক্টোবর
এনসিটি ইজারা প্রক্রিয়া: এবার আন্দোলনে শ্রমিক দল ও বন্দর রক্ষা পরিষদ
এনসিটি-সিসিটি ইজারা প্রক্রিয়া ৫ অক্টোবরের মধ্যে বন্ধের দাবি বন্দর রক্ষা কমিটির
