র্যাবের ‘জালে’ ১৩ জলদস্যু
গ্রেপ্তার ব্যক্তিরা গেল ২৭ অগাস্ট সমুদ্রে নয়টি বোটে ডাকাতি করে বলে র্যাবের ভাষ্য।
গভীর সমুদ্রে মাছ ধরার নৌকা ডাকাতির সঙ্গে যুক্ত ১৩ জলদস্যুকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
বঙ্গোপসাগরের গভীরে ও চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় এলাকায় শুক্রবার গভীর রাত পর্যন্ত ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আনোয়ার, লিয়াকত (মাঝি), মনির, আবুল খায়ের, নবীর হোসেন, নেজামউদ্দিন, হুমায়ুন, সাহেদ, হাজী আবুল হাসান, সাদ্দাম, আতিক, এমরান ও আমানউল্লাহ।
গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সমুদ্রে বিভিন্ন মাছ ধরার বোটে ডাকাতি করার কথা স্বীকার করেছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তাদের কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, একটি চাইনিজ কুড়াল, ১৬টি দা ও ছুরি, একটি বাইনোকুলার, চারটি টর্চ লাইট, দুইটি চার্জ লাইট, দুইটি হ্যান্ড মাইক, ৭০টি মোবাইল ফোন, পাঁচ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।
এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ইঞ্জিন বোট, ডাকাতি করা তিন হাজার পিস ইলিশ মাছ, মাছ ধরার বড় জালও জব্দ করা হয়।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার শনিবার জানান, গত ২৭ অগাস্ট চট্টগ্রাম সাগর উপকূলে নয়টি মাছ ধরার বোটে ডাকাতি ও মাছ লুটের ঘটনা ঘটে।
এ পর্যন্ত মোট ১৬টি বোটে ডাকাতির সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত জানিয়ে এ র্যাব কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে জলদস্যুতা, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।
