২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে: নজরুল

নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচন সামনে রেখে রাজনীতিকে নিয়ন্ত্রণে নিতে সরকার ককটেল বিস্ফোরণের মতো অস্তিত্বহীন ঘটনা দেখিয়ে মামলা দিচ্ছে।”

সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে: নজরুল

চট্টগ্রামের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বুধবার কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2022, 08:17 PM

Updated : 30 Nov 2022, 08:17 PM

সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার বিকালে চট্টগ্রামের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সারাদেশে ‘পুলিশি নির্যাতন ও গ্রেপ্তারের’ প্রতিবাদে কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, “শুধু বিরোধীদলকে দমন করতে আবারো ‘গায়েবি মামলা’ দিয়ে আমাদের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে। নিজেদের কর্তৃত্ববাদী শাসন পাকাপোক্ত করতেই বিরোধীমতের নেতাকর্মী ও জনগণের ওপর হিংস্র আচরণ অব্যাহত রেখেছে সরকার।

“বিভিন্ন বাহিনীকে অন্যায়ভাবে নিজেদের হীন স্বার্থে ব্যবহার করে সরকার তাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছে। এদেশে আজ কারো জীবন নিরাপদ নয়। মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার গভীর চক্রান্তে লিপ্ত। সেই পরিকল্পনার অংশ হিসাবে কাল্পনিক ও গায়েবি মামলা দায়েরের ঘটনা নিত্য ঘটছে। 

“কিন্তু হামলা-মামলার মাধ্যমে বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি, পারবেও না। বিএনপি কোন সময় আপস করেনি। এসব বানোয়াট মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে ঘরে আবদ্ধ করে রাখা যাবে না।”

তিনি বলেন, “২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেছিল সরকার। আবারও নির্বাচন সামনে রেখে রাজনীতিকে নিয়ন্ত্রণে নিতে সরকার ককটেল বিস্ফোরণের মতো অস্তিত্বহীন ঘটনা দেখিয়ে মামলা দিচ্ছে।” 

নজরুল ইসলাম খান জানান, ২২ অগাস্ট থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ৯৬টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৪৪৫ জনকে। এসব মামলায় আসামি হিসাবে ৪ হাজার ৪১২ জনের নাম উল্লেখ করা হয়। আরও ১০ হাজার ৬৬৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, “বর্তমান ফ্যাসিস্ট সরকার ভোট ডাকাতির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নিয়ে জনগণের টাকা লুটপাট করে নিজেরা মোটাতাজা হয়েছে। মাথাপিছু আয় শুধু ক্ষমতাসীনদের বেড়েছে আর দেশের জনগণ ফকির হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে।

“সরকারি দলের নেতাদের কাছে হাজার হাজার কোটি কালো টাকা পাওয়া যাচ্ছে। এরা জনগণের সেবক নয় শোষক, এরা লুটেরার দল। এদের থেকে দেশের মানুষ মুক্তি চায়। দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে সকলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।” 

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্মআহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।