কম ভোটার উপস্থিতির কারণ নেতাকর্মীদের ‘গা ছাড়া ভাব’: নাছির
আগামী ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ‘সম্মানজনক ভোটার উপস্থিতি’ আশা করছেন আ জ ম নাছির।
সাম্প্রতিক উপ-নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি কম হওয়ার ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের ‘গা ছাড়া ভাবকে’ দায়ী করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
মঙ্গলবার নগরীর প্রেস ক্লাবে ‘চট্টগ্রাম-১০’ আসনের উপ-নির্বাচনে সরকারদলীয় প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ কথা বলেন নাছির।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ৩০ জুলাই চট্টগ্রামের এই নির্বাচনে ‘সম্মানজনক’ ভোটার উপস্থিতি হবে বলে তিনি আশাবাদী।
বিগত কয়েকটি উপ-নির্বাচনের মত চট্টগ্রাম-১০ আসনেও ভোটার উপস্থিতি কম হবে বলে মনে করেন কিনা– এ প্রশ্ন রাখা হয়েছিল সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের কাছে।
তার ভাষ্য, “আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা করেছি।
“এইবার, অর্থাৎ ৩০ জুলাইয়ের নির্বাচনে যাতে এর (ভোটার উপস্থিতি) পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে আমরা সচেতন আছি। আমরা প্রতিটি কেন্দ্রে নিজের, পরিবারের ও প্রতিবেশীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে বলেছি।”
নাছির বলেন, “এটা অস্বীকার করার উপায় নেই আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে এক ধরনের গা-ছাড়া ভাব পরিলক্ষিত হচ্ছে, এটা স্বীকার করছি। এটা শুধু চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশেই।”
তবে প্রতিদ্বন্দ্বিতামূল নির্বাচন না হওয়ার কারণেও ভোটার উপস্থিতি কম হচ্ছে বলে মনে করেন তিনি।
এর ব্যাখ্যায় আওয়ামী লীগ নেতা বলেন, “আমরা খেলার মাঠে দেখি… যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয় ক্রীড়ামোদী যারা তাদের মধ্যে মাঠে গিয়ে খেলা উপভোগ করার এক ধরণের আগ্রহ তৈরি হয়। আর খেলাটা যদি একতরফা বা অসম প্রতিযোগিতা হয় তাহলে দেখা যায় যে… একই ক্রীড়ামোদী মানুষের মধ্যে মাঠে গিয়ে খেলা দেখার আগ্রহ থাকে না।
“ইদানিং যা হচ্ছে আমাদের আওয়ামী লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি… তাদের যেভাবে নির্বাচনী কার্যকলাপ করা প্রয়োজন বিজয়ী হবার জন্য, সে চেষ্টা বা তৎপরতা তেমন থাকে না।”
আ জ ম নাছির বলেন, “আমাদের প্রার্থীর আরও চারজন প্রতিপক্ষ আছেন। এ চারজন এ মুহূর্ত পর্যন্ত আমার চোখে তাদের তেমন কার্যক্রম আমি দেখিনি। কোনো পোস্টার দেখিনি, লিফলেট দেখিনি, কোনো মাইকের আওয়াজ… ব্যানার বা কোনো তৎপরতা দেখছি না।”
অসম প্রতিযোগিতা হওয়ার কারণে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, নির্বাচিত হলে ‘শান্তিময় এলাকা গড়তে’ কাজ করবেন তিনি।
ভোটের দিন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শঙ্কা আছে কি না– এমন প্রশ্নে তিনি বলেন, “আমাদের দায়িত্বশীল কোনো নেতাকর্মী এ ধরনের কোনো কাজ করবেন না। ভোটারদের নিঃসংকোচে ভোট দিতে আসতে বলব।”
অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, সুনীল সরকার, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আওয়ামী লীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক ছাত্র নেতা শাহজাহান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
