২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদেশি আলোকচিত্রীর ব্যাগ ছিনতাই

ওই আলোকচিত্রীর নাম ক্রিস্টিনা জাম্মা, তিনি গত দুইমাস ধরে বাংলাদেশে আছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2024, 01:04 PM

Updated : 03 Jan 2024, 01:46 PM

চট্টগ্রামে এক বিদেশি আলোকচিত্রীর ব্যাগ ছিনতাই হয়েছে।

ইতালীয় আলোকচিত্রী ক্রিস্টিনা জাম্মা গত দুইমাস ধরে বাংলাদেশে আছেন। কিছুদিন আগে চট্টগ্রামে তার একটি প্রদশর্নীও হয়েছে। পুলিশ বলেছে, তার ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২০ জানুয়ারি।

কোতোয়ালি থানার এসআই বাবুল পাল জানান, নগরীর আসকার দিঘীর পাড় এলাকায় কর্ণফুলী টাওয়ারের সামনে  মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে জাম্মার ব্যাগ টান মেরে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

ছিনাতাইয়ের ঘটনার প্রত্যক্ষদর্শী ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার’ স্থানীয় সাংবাদিক জোবায়ের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে কর্ণফুলী টাওয়ারের অফিস থেকে নিচে নেমে আমরা কয়েকজন সাংবাদিক কথা বলছিলাম। ওই সময় আরও দুজনের সঙ্গে ক্রিস্টিনা জাম্মা সেখানে এসে পৌঁছান। ওই সময় তাদের পেছন পেছন আসা একটি অটোরিকশা থেকে হাত বাড়িয়ে ওই আলোকচিত্রীর ব্যাগ টান মেরে ছিনিয়ে নেওয়া হয়।“

পরে আলোকচিত্রীসহ তারা কয়েকজন ওই অটোরিকশার পেছনে ধাওয়া করেন বলেও জানান জোবায়ের।

“পরে আরেকজন সাংবাদিক মোটরসাইকেল নিয়ে অটোরিকশাটিকে ধাওয়া করেছিল। কিন্তু পথে আরেকটি অটোরিকশা এসে পড়ায় ঠিক কোনটি থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে, সেটি শনাক্ত করতে অসুবিধা হয়ে যায় ওই সাংবাদিকের।“

এসআই বাবলু বলেছেন, ওই আলোকচিত্রীর ব্যাগে নগদ টাকা ও ডেবিট কার্ড ছিল।

ছিনতাইকারীকে ধরতে ওই  এলাকার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও পুলিশ সংগ্রহ করছে।