চট্টগ্রামের ১৫ হাজার শিশু-কিশোর পাচ্ছে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ
সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে ইউনিসেফের সহযোগিতায় শিশু ও কিশোরদের আত্মরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
বিপদআপদ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতে আত্মরক্ষার কৌশল শেখাতে চট্টগ্রামের ১৫ হাজার শিশু-কিশোরকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে ইউনিসেফের সহযোগিতায় এই প্রশিক্ষণে অগ্রাধিকার থাকবে কন্যা শিশু-কিশোর এবং সুবিধা বঞ্চিতদের।
বুধবার চট্টগ্রাম নগরীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণের বিস্তারিত তুলে ধরা হয়।
ইউনিসেফ চট্টগ্রাম বিভাগের চিফ অব ফিল্ড অফিস মাধুরী ব্যানার্জি বলেন, “ইউনিসেফ বাংলাদেশ সরকারের সাথে একসাথে কাজ করছে। যাতে আমরা এসডিজির লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে পারি।”
তিনি জানান, সারাদেশে এক লাখ শিশু-কিশোর আত্মরক্ষার প্রশিক্ষণের আওতায় আসবে।
এরমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা মিলিয়ে ৫ হাজার, কক্সবাজারে ৫ হাজার এবং কুমিল্লায় ৫ হাজার শিশু-কিশোর প্রশিক্ষণ পাবে।
ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রটেকশন ম্যানেজার এলিসা কল্পনা জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, দেশে প্রায় সাড়ে চার কোটি শিশু গার্হস্থ্য সহিংসতার শিকার। বাল্যবিবাহের শিকার সাড়ে তিন কোটি শিশু আর বর্তমানে শিশুশ্রমিক রয়েছে ২০ লাখ।
“তাই যে কোনো ধরণের ভায়োলেন্স প্রতিরোধের লক্ষ্যে আমরা কাজ করছি। মেয়েদের অধিকার আছে খেলাধুলা করার। বাংলাদেশ অনেক ক্ষেত্রে অনেক ভালো কাজ করছে। আশাকরি এক্ষেত্রেও ভালো করবে।”
মাধুরী ব্যানার্জি বলেন, “শিশু অধিকার সনদে সব শিশুর খেলাধুলার অধিকার নিশ্চিত করা হয়েছে। এ প্রশিক্ষণে আত্মরক্ষার দক্ষতা অর্জন করবে তারা। এরাই নিজ নিজ এলাকায় ‘কী চেঞ্জ এজেন্ট’ হিসেবে কাজ করবে।”
ইউনিসেফ বাংলাদেশ এর চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট মনিরা হাসান বলেন, “প্রশিক্ষণে ৭০-৮০ শতাংশই থাকবে মেয়েরা। দেশের ২৫টি জেলা, ১৯৭টি উপজেলা এবং ১২টি সিটি করপোরেশন এলাকায় এই প্রশিক্ষণ দেয়া হবে। এর আওতায় আমরা ছেলেদেরকেও নিয়েছি, কারণ আমরা দেখি ছেলে শিশুরাও বড়দের মাধ্যম নির্যাতিত হয়।”
তিনি জানান, ৯-১৬ বছর বয়সী শিশুদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি শিশুর তিনজন করে অভিভাবককেও প্রশিক্ষণ দেয়া হবে। সারাদেশে একই রকম প্রশিক্ষণ দেয়া হবে।
“প্রশিক্ষণের এক হাজার সেশনের প্রতিটিতে ১০০ জন করে শিশু থাকবে। বেশিরভাগ প্রশিক্ষক নারী। ৫ শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকবে প্রশিক্ষণে।”
ইউনিসেফ চট্টগ্রাম অঞ্চলের চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোসাইন বলেন, “সুরক্ষিত না থাকলে শিশুরা নিজেদের অধিকার পাবে না। শিশু অধিকার সনদে স্পষ্ট আছে, আনন্দ করা প্রতিটি শিশুর অধিকার। তাদের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য আত্মরক্ষার কৌশল জানা খুব জরুরী।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ ও কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি, সেলফ ডিফেন্স প্রজেক্ট এর মাস্টার ট্রেনার শৌল হাচ্ছা, প্রজেক্টের হিউম্যান রিসোর্স ম্যানেজার তোফাজ্জল হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে জানানো হয়, এই কর্মসূচি শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং ক্ষতিকর অভ্যাস প্রতিরোধের জন্য নেওয়া জাতীয় কর্মসূচির অন্তর্ভুক্ত।
ইউনিসেফ নারী ও শিশুদের নিয়ে কাজ কাজ করে থাকে। এই প্রশিক্ষণ তারই ধারাবাহিকতায় তাদের এই উদ্যোগ। এর আগে ২৬ জুলাই খুলনা বিভাগ থেকে মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে।
