মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি নতুন আঙ্গিকে সরব হয়েছে: ড. অনুপম
মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের সভাপতি হলেন আবদুল মালেক খান; অ্যাডভোকেট সাইফুন নাহার খুশিকে নির্বাহী সভাপতি এবং ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি আবার সরব হয়েছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হলো ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রাম’ সম্মেলন থেকে।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও স্বাধীনতা বিরোধী আপশক্তি মুক্ত করবো দেশ, গড়বো মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. অনুপম সেন বলেন, “বাঙালি জাতির জীবনে শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতা। আর জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সবচেয়ে কলঙ্কিত ঘটনা। জাতির জনকের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অশুভ চক্র মুক্তিযুদ্ধের রক্ত রঞ্জিত সব অর্জন লুণ্ঠন ও ইতিহাসের যাত্রাপথ রুদ্ধ করেছে।
“মুক্তিযোদ্ধাদের অপমানিত ও মুক্তিযুদ্ধের চিহ্নিত যুদ্ধাপরাধীদের পরিকল্পিত পুনর্বাসন করা হয়েছিল। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি আজও আবার নতুন আঙ্গিকে সরব হয়েছে। স্বাধীনতা বিরোধী এই অপশক্তিকে মুক্তিযুদ্ধের আদর্শিক চেতনায় রুখে দাঁড়াতে হবে।”
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, “তথাকথিত তারুণ্যের সমাবেশের নামে চট্টগ্রামে যারা পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর করেছে, সেই সব বিপদগামী তরুণ যুবকদের পেছনের মদদদাতাদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।
“অনেক ছাড় দেওয়া হয়েছে। এবার তাদের অপকর্ম জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে মোকাবেলা করা হবে।”
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা যারা থামিয়ে দিতে চায় তাদেরকে রুখে দাঁড়াতে হবে।”
সম্মেলন উদ্বোধন করে সেক্টর কমান্ডারস্ ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, “যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সন্ত্রাসী সংগঠন জামায়াতকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”
সংগঠনের সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সেক্টর কমান্ডারস্ ফোরমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক ও ফোরকান উদ্দিন আহমেদ।
সম্মেলনে সেক্টর কমান্ডারস্ ফোরামের কেন্দ্রীয় মহাসচিব লেখক, গবেষক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীবের শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন মহানগর সেক্টর কমান্ডারস্ ফোরামের সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী।
পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিত্রমে আবদুল মালেক খানকে সভাপতি, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশিকে নির্বাহী সভাপতি এবং ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্যের কার্যনির্বহী কমিটি ঘোষণা করা হয়।
