সীতাকুণ্ডে পানিতে ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু
সীতাকুণ্ড উপজেলার ইদিলপুর, মহানগর ও মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক তিন ঘটনায় পুকুরে ডুবে দুই শিশু এবং শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার ইদিলপুর, মহানগর ও মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ইদিলপুর গ্রামে বাড়ির উঠানে খেলতে গিয়ে পাশের পুকুরে ডুবে যায় ১৭ মাস বয়েসী শিশু ইশান কুমার দাশ।
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইশান ওই এলাকার সজীব কুমার দাশের পুত্র।
সীতাকুণ্ডের মহানগর গ্রামে সকালে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় দুই বছর বয়েসী শিশু আবরান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবরান ওই এলাকার জাহিদ হোসেনের পুত্র।
সীতাকুণ্ডের মুরাদপুর গ্রামে নিজ বাড়িতে দুপুরে পুকুরে গোসল করতে নেমে পড়ে যান ৪৪ বছর বয়েসী প্রতিবন্ধী সোহেল। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন জানান, তিনজনই পৃথক সময়ে পানিতে ডোবার ঘটনায় হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনজনকেই হাসপাতালে নিয়ে আসা হয় উল্লেখ করে তিনি বলেন, অসেচতনতার কারণে ঘর সংলগ্ন পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। এজন্য সকলের সচেতন হওয়া দরকার।
