২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনে ‘কাটা পড়ে’ যুবকের মৃত্যু

পুলিশ বলছে, প্রাথমিকভাবে যেসব তথ্য মিলেছে, তাতে এটি ‘দুর্ঘটনা’ বলেই ধরে নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 02:53 PM

Updated : 28 Jul 2023, 02:53 PM

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটের রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সকাল ৬টার দিকে দেওয়ানহাট ওভারব্রিজ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই আবু জাফর খান জানান।

সকালে স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

জনি আহমদ নামের ২৩ বছর বয়সী ওই যুবক নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার সরকার পাড়া গ্রামের মো. সাবেদ আলীর ছেলে।

নগরীর টাইগারপাস এলাকার একটি গ্যারেজে মাত্র দুদিন আগে তিনি কাজে ঢুকেছিলেন। আগে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। 

এসআই জাফর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে সাগরিকায় ট্রেনে কাটা পড়ে জনি মারা গেছে। তার গলা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছি, এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।”

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।  

এসআই জাফর জানান, এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।