চট্টগ্রামের বাসায় বিস্ফোরণে বৃদ্ধের মৃত্যু
বাসার ভেতরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তার স্ত্রী।
রোববার মধ্যরাতে বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালিশহরের ধুপপুল এলাকার একটি চারতলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে বলে বন্দর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. শামিম জানান।
বাসার ভেতরে জমে থাকা গ্যাস থেকে ওই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে এই ফায়ার সার্ভিস কর্মকর্তার ধারণা।
নিহত ৬৫ বছর বয়সী বৃদ্ধের নাম আব্দুল খালেক। স্ত্রী আনোয়ারা বেগম এবং দুই সন্তানকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি। বিস্ফোরণের সময় তাদের দুই সন্তান বাসায় ছিলেন না।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গভীর রাতে বিস্ফোরণের খবর পেয়ে আমরা ওই ভবনে যাই। বিস্ফোরণের পরপরই বাসায় আগুন লেগে যায়।
“বিস্ফোরণে ওই বাসার ভেতরের দেয়াল, দরজা ভেঙে গেছে। এছাড়া বাসার রান্নাঘরের চুলাও ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় দেখেছি। বাসার ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হতে পারে।“
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান শামিম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, রাতে হাসপাতালে আনার পর বৃদ্ধের মৃত্যু হয়। আর দগ্ধ বৃদ্ধাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেছেন, আনোয়ারার শরীরে ৫০ শতাংশ পুড়ে গেছে এবং তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে।
