চবির ক্যাম্পাসে ৭ ফুট লম্বা অজগর
সাধারণত শীতনিদ্রার শেষে বর্ষাকালে এই সাপগুলো খাবারের খোঁজে বেরিয়ে আসে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ৭ ফুট লম্বা দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেলের ভেনম রিসার্চ ইনস্টিটিউটের শিক্ষানবিশ গবেষক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আছির উদ্দীন জানিয়েছেন, তিনি শুক্রবার রাতে দক্ষিণ ক্যাম্পাসের একটি বাড়ির পাশের পতিত জমি থেকে সাপটি উদ্ধার করেন।
আছির উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাপটি শক্ত চোয়ালযুক্ত, বিষহীন, মাংসাশী ও বার্মিজ পাইথন প্রজাতির। সাপটি প্রায় সাত ফুট লম্বা এবং আড়াই কেজি ওজনের ছিল। এরা মূলত অ্যাম্বুস হান্টার।”
সাধারণত শীতনিদ্রার শেষে বর্ষাকালে এই সাপগুলো খাবারের খোঁজে বেরিয়ে আসে। আর পাহাড়ি অঞ্চল এই প্রজাতির সাপগুলোর বসবাস।
আছির জানান, ক্যাম্পাসের গোলপুকুর এলাকার পাশের পাহাড়ে সাপটি ছেড়ে দেওয়া হয়েছে।
