২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাসেলের খুনিরা এখন আশ্রয় পাচ্ছে পশ্চিমা সভ্য দেশে: মাহতাব

“এই সভ্য দেশগুলোর অসভ্য হামলায় ফিলিস্তিনের পবিত্র ভূমি রক্ত রঞ্জিত। সেখানে অনেক রাসেল প্রতিদিন নিহত হচ্ছে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 08:05 PM

Updated : 18 Oct 2023, 08:05 PM

শেখ রাসেলকে মায়ের বুকে ফিরিয়ে দেওয়ার নাম করে যারা খুন করেছে, তারা এখন পশ্চিমা সভ্য দেশে আশ্রয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বুধবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মাহতাব বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের প্রিয় দার্শনিক বার্নাড রাসেলের নামানুসারে কনিষ্ঠ পুত্রের নাম রেখেছিলেন শেখ রাসেল। সেই শেখ রাসেলকে মায়ের বুকে ফিরিয়ে দেওয়ার নাম করে যারা খুন করেছে তারা এখন আশ্রয় পাচ্ছে পশ্চিমা সভ্য দেশে।

“এই সভ্য দেশগুলোর অসভ্য হামলায় ফিলিস্তিনের পবিত্র ভূমি রক্ত রঞ্জিত। সেখানে অনেক রাসেল প্রতিদিন নিহত হচ্ছে। এই হত্যাকারীদের আশীর্বাদ নিয়ে যারা ক্ষমতায় যেতে চায়, তারা আবারো অসংখ্য রাসেলকে খুন করবে।”

এদের প্রতিরোধে আওয়ামী লীগ আগামী নির্বাচন পর্যন্ত ‘মাঠে থাকবে’ বলে ঘোষণা দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি।

তিনি বলেন, “নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তবুও আমরা শান্তি চাই, কোন সংঘাত চাই না। শান্তি বিনাশকারী অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চাই। তাহলেই শেখ রাসেলের আত্মা শান্তি পাবে।”

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “সেই দিনের শিশু শেখ রাসেল সত্যিকার অর্থেই একজন প্রতিভাবান দার্শনিক রাষ্ট্রনায়ক হতে পারতেন। ৭৫ এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় তিনি মনে করেছিলেন, তাকে হয়ত মারবে না। কিন্তু তাকেও হত্যা করে অসভ্যতার একটি নজির স্থাপন করেছে ঘাতকেরা।

“এই ঘাতকদের দল বিএনপি-জামায়েত আবার মাঠে নেমেছে নির্বাচন বানচাল করার জন্য। অথচ এর মধ্য দিয়ে একটি অসাংবিধানিক ও গণবিরোধী সরকার প্রতিষ্ঠা করার অপতৎপরতা শুরু করে দিয়েছে।”

নগর কমিটির প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অন্যদের মধ্যে সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী আবু তাহের, শহিদুল আলম প্রমুখ সভায় বক্তব্য দেন।

এদিকে বুধবার নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল আলোচনা সভার আয়োজন করা হয়।

সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী সভায় বলেন, “শেখ রাসেলের মত নিস্পাপ শিশুকে হত্যার মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নেতৃত্বের ধারাকে নির্মূল করা। বঙ্গবন্ধুর পর দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালনের মত যাতে কেউ বেঁচে না থাকে, সেজন্যই শেখ রাসেলকে হত্যা করা হয়।

“তবে, হত্যাকারীদের উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি, ফিনিক্স পাখির মত বাঙালি জাতি শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাড়িয়েছে।”

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, হাজী নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, শাহেদ ইকবাল বাবু, আবদুল মান্নান, মো. ইসমাইল আবুল হাসনাত মো. বেলাল, আনজুমান আরা, সচিব খালেদ মাহমুদ সভায় উপস্থিত ছিলেন।