নিখোঁজ যুবকের লাশ হাটহাজারীতে রাস্তার পাশে
মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
চট্টগ্রামের হাটহাজারীতে রাস্তার পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
বুধবার উপজেলার মীর্জাপুর ইউনিয়নের চারিয়া পল্লী বিদ্যুৎ অফিসের কাছে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশটি মাহমুদউল্লাহ (৩০) নামে এক যুবকের। তার বাড়ি মীর্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে।
হাটহাজারী থানার ওসি রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, “লাশের শরীরে বৈদ্যুতিক শকের মতো কিছু দাগ দেখা গেলেও তা পরিষ্কার না। এটি হত্যাকাণ্ড, নাকি অন্য কোনোভাবে মৃত্যু, তা জানতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন।”
মাহমুদউল্লাহর পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে, সোমবার রাত ১০টার দিকে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। এরপর তার খোঁজ মিলছিল না।
যে স্থানে লাশটি পাওয়া গেছে, মাহমুদুল্লার বাড়ি তা থেকে দূরে নয়।
এ ঘটনায় পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি রুহুল আমিন।
