২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় গণ্ডগোলের মধ্যে পড়ে বৃদ্ধের মৃত্যু

অচেনা এক যুবক ঘরে ঢুকে পড়লে তাকে আটকে রাখা হয়। তাকে ছাড়াতে আসা তার বন্ধুদের সঙ্গে গোলমালের মধ্যে মারা যান ওই বৃদ্ধ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 06:24 PM

Updated : 10 Jan 2023, 06:24 PM

চট্টগ্রামের সাতকানিয়ায় এক যুবককে আটকে রাখার পর তাকে ছাড়িয়ে নিতে আসা ব্যক্তিদের সঙ্গে গণ্ডগোলের মধ্যে মারা গেছেন এক বৃদ্ধ।

উপজেলার ছদহা ইউনিয়নের খোর্দ্দ কেওচিয়া খোন্দকার খীল এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মৃত ব্যক্তির নাম মো. ইউসুফ (৭০)।

সাতাকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে ইউসুফের বাড়িতে এক যুবক ঢুকে পড়েছিলেন। তাকে চোর সন্দেহে আটকে রাখা হলে সে তার বন্ধুদের টেলিফোনে ডেকে আনেন।

“এসময় ধাক্কাধাক্কির মধ্যে ইউসুফ অসুস্থবোধ করলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি জানান, ইউসুফের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাননি তারা। তবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ২৫/২৬ বছর বয়েসী অপরিচিত ওই যুবক ইউসুফের ঘরে ঢুকেছিল। তখন চোর সন্দেহে তাকে আটকে রেখে তার বাবাকে খবর দিতে বলা হয়। এসময় ওই যুবক ফোন করে তার বন্ধুদের নিয়ে আসে।

এসময় ১০/১২ জন যুবক এসে ইউসুফের ঘরে ঢুকে আটকে রাখা যুবককে ছাড়িয়ে নিয়ে যায়। তখন ইউসুফের পরিবারের কয়েকজন আহত হন বলে স্থানীয়রা জানায়।