২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এনআইডিতে মায়ের বয়স ৫৪, ছেলের ৬৭, ‘চাকরি গেল’ যুবকের

ওই যুবকের বয়স ৩০ থেকে ৩২ বছর বলে তার মায়ের দাবি।

এনআইডিতে মায়ের বয়স ৫৪, ছেলের ৬৭, ‘চাকরি গেল’ যুবকের

পরিচ্ছন্নতাকর্মী পাকু দাশের সঙ্গে তার মা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 12:05 AM

Updated : 27 Dec 2022, 12:05 AM

মায়ের জন্ম ১৯৬৮ সালে হলেও ছেলের জন্ম ১৯৫৫ সালে!

জাতীয় পরিচয়পত্রের এমন এক ভুলে চাকরির নির্ধারিত বয়সসীমা পার হয়ে যাওয়ায় এক যুবককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

সিটি করপোরেশন গত ৩০ অক্টোবর ৫৯ বছরের বেশি এমন ১২৮ জন অস্থায়ী কর্মীকে অব্যাহতি দেয়; তাদেরই একজন পাকু দাশ, এনআইডি অনুযায়ী যার বয়স ৬৭ বছর।

তবে এ বিষয়ে কিছুই জানতেন না দাবি পাকু দাশের। নগরীর মাঝিরঘাট রোডের মাদারবাড়ি সেবক কলোনিতে মা, স্ত্রী ও এক সন্তান নিয়ে থাকেন তিনি।

এদিকে চাকরি হারিয়ে গত দুই মাসে বহুবার সিসিসি কার্যালয়ে গিয়েও কোনো সুরাহা করতে পারেননি তিনি।

Image

মা ও ছেলের এনআইডি কার্ড

পাকু দাশের মা রাধা দাশ বলেন, “আমরা কিছুই জানি না। ভোটার আইডি কার্ড (এনআইডি) করতে দিয়েছিলাম। সেখানে বয়স বাড়িয়ে দিয়েছে। আমার ছেলের বয়স ৩০-৩২ হবে।”

এনআইডি কার্ডে দেখা যায় রাধা দাশের জন্ম তারিখ ১৯৬৮ সালের ৩ অগাস্ট; পাকু দাশের ১৯৫৫ সালের ২০ এপ্রিল। সে হিসাবে পাকু দাশের বয়স হয় ৬৭ বছর। তার মা রাধা দাশের বয়স ৫৪ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাকু দাশ বলেন, “আমি তো লেখাপড়া করিনি। কার্ডে বয়স বাড়িয়ে কত হয়েছে সেটাও জানি না। চাকরি চলে যাবার পর করপোরেশনে গেলে সেখানে বলেছে আমার বয়স শেষ। বেতনও পাইনি। এখন কীভাবে চলি?”

জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ বলেন, “এই এনআইডি বা নথিপত্র তো উনি নিজেই (পাকু দাশ) দিয়েছেন। উনি প্রমাণ দিলে যাচাই বাছাই করে আমরা চাকরির বিষয়টা আবার বিবেচনা করব।”

এনআইডিতে ভুলের বিষয়ে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, “এনআইডিতে ভুল হতে পারে। তবে তা ইচ্ছাকৃত নয়। আমরা কাউকে কষ্ট দিতে চাই না। উনি যদি আবেদন করেন তবে অবশ্যই যাচাই করে সেটা সংশোধন করে দেওয়া হবে।“

এখন ছুটিতে আছেন জানিয়ে ‘ছুটি থেকে ফিরে নিজেই বিষয়টি’ দেখবেন বলে প্রতিশ্রুতি দেন এ নির্বাচন কর্মকর্তা।